EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

পানামায় ফের শক্তিশালী ভূমিকম্প, বাড়ছে ক্ষয়ক্ষতির শঙ্কা

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৩১ এএম

পানামায় ফের শক্তিশালী ভূমিকম্প, বাড়ছে ক্ষয়ক্ষতির শঙ্কা

ছবি: সংগৃহীত

অ অ

মধ্য আমেরিকার দেশ পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর আগে গত শুক্রবার দেশটিতে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ওই ভূমিকম্পের পর তিন শতাধিক আফটারশক রেকর্ড করা হয়েছে। দুর্গম এলাকাগুলোতে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব না পাওয়ায় পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সোমবার পানামায় নতুন করে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৩৫ কিলোমিটার গভীরে।

শুক্রবারের শক্তিশালী ভূমিকম্পে দেশটির মধ্যাঞ্চলীয় বিভিন্ন প্রদেশে শত শত বাড়িঘর ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতি মোকাবিলায় জরুরি অবস্থা ঘোষণা করে পানামা সরকার। ওই ভূমিকম্পের পর থেকে এ পর্যন্ত ৩০০টির বেশি মৃদু ভূকম্পন বা আফটারশক রেকর্ড করা হয়েছে।


পানামার জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে অন্তত ২৭ জন আহত হয়েছেন এবং প্রায় ৯০০টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, দুর্গম ও প্রত্যন্ত এলাকাগুলোতে ক্ষয়ক্ষতি ও হতাহতের পূর্ণাঙ্গ হিসাব সংগ্রহের কাজ চলছে। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।

ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্রদেশগুলোর মধ্যে রয়েছে লস সান্তোস, কোকলে, ভেরাগুয়াস ও এরেরা। এসব এলাকায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর ও অবকাঠামোর অবস্থা পর্যালোচনা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও পড়ুন