EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

হুতি আতঙ্কে বাঙ্কারযুক্ত প্রাসাদে থাকছেন সৌদি যুবরাজ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০২:৫১ এএম

হুতি আতঙ্কে বাঙ্কারযুক্ত প্রাসাদে থাকছেন সৌদি যুবরাজ

হুতি হামলার মুখে প্রাসাদ বদলাচ্ছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: সংগৃহীত

অ অ

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় রিয়াদে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বাঙ্কার-সুবিধাযুক্ত বিভিন্ন প্রাসাদে অবস্থান বদলাচ্ছেন। বিশেষভাবে বাছাই করা একটি দল তাঁর নিরাপত্তায় নিয়োজিত রয়েছে। যুক্তরাষ্ট্রের দৈনিক দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, যুবরাজের সর্বশেষ প্রকাশ্য উপস্থিতি ছিল গত মঙ্গলবার। সেদিন তিনি একটি জাতীয় কর্মসূচিতে রক্তদান করেন।

গত শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের অন্তত একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে অন্তত ১২ জন নিহত ও কয়েক শ মানুষ আহত হন। হামলায় বিমানবন্দরের দুটি টার্মিনাল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। রবিবার বিমানবন্দরটি বন্ধ থাকা অবস্থায় আরেকটি ক্ষেপণাস্ত্র বা এর অংশ আঘাত হানলে টার্মিনাল ৪-এ আগুন ধরে যায়। বৃহস্পতিবার আকাশে প্রতিহত করা একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ একটি কিন্ডারগার্টেন ও চিকিৎসাকেন্দ্রেও পড়ে।

প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থার মজুত কমে আসায় সৌদি কর্মকর্তারা উদ্বিগ্ন। তাই রাজপ্রাসাদ ও জ্বালানি অবকাঠামোর মতো কৌশলগত স্থানে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সরিয়ে নেওয়া হচ্ছে।

নিরাপত্তা সংকটে যুবরাজের অর্থনৈতিক রূপান্তর কর্মসূচিও চাপে পড়েছে। হুতিরা সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনেও হামলা চালিয়েছে। এই পাইপলাইন দিয়ে হরমুজ প্রণালি এড়িয়ে লোহিত সাগর হয়ে তেল রপ্তানি করা যায়। অক্টোবরের শেষে অনুষ্ঠেয় একটি আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন নিয়েও অনিশ্চয়তা বাড়ছে। সৌদি অর্থ মন্ত্রণালয়ের পূর্বাভাস, ২০২৬ সালে দেশটির অর্থনীতি ৩ দশমিক ৬ শতাংশ সংকুচিত হতে পারে।

সামরিক ক্ষেত্রে যুক্তরাষ্ট্র উপদেষ্টা দিলেও ইয়েমেনে হুতি-নিয়ন্ত্রিত এলাকা পুনরুদ্ধারে সরাসরি সহায়তার সৌদি অনুরোধে এখনো সাড়া দেয়নি ওয়াশিংটন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হুতিদের সঙ্গে যোগাযোগ চলছে। তবে সৌদি আরবের সঙ্গে গোষ্ঠীটির বিরুদ্ধে হামলায় যুক্ত হওয়ার সম্ভাবনাও তিনি উড়িয়ে দেননি। সৌদি আরব পাকিস্তানের কাছেও সহায়তা চেয়েছে।

আরও পড়ুন