সুদানে বাস্তুচ্যুতদের শিবিরে ড্রোন হামলা, নিহত ৪১
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১০:৩৪ এএম
ছবি: সংগৃহীত
সুদানের ইথিওপিয়া সীমান্তবর্তী ব্লু নাইল অঞ্চলে বাস্তুচ্যুত মানুষের একটি শিবিরে ড্রোন হামলায় ৪১ জন নিহত হয়েছেন। শুক্রবার আবু শান্দি এলাকায় এ হামলা চালানো হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মানবাধিকার সংগঠন ইমার্জেন্সি ল’ইয়ার্সের দাবি, হামলাটি চালিয়েছে আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়বিষয়ক দপ্তর (ওচা) জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহত ও আহত ব্যক্তিদের বেশির ভাগই নারী ও শিশু।
এক বিবৃতিতে ওচা বলেছে, ‘ভয়াবহ এসব খবর শুনে আমরা মর্মাহত।’ সংস্থাটি আরও জানায়, গত কয়েক সপ্তাহ ধরে ওই এলাকায় ধারাবাহিক হামলা চলছে। এসব হামলায় হাজারো বেসামরিক মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। আরও অনেক মানুষ গুরুতর ঝুঁকির মধ্যে রয়েছেন।
সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী আরএসএফের মধ্যে ২০২৩ সাল থেকে ক্ষমতার লড়াই চলছে। এ সংঘাতে কয়েক লাখ মানুষ নিহত হয়েছেন। ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন ১ কোটি ৪০ লাখের বেশি মানুষ।
দীর্ঘদিনের এ সংঘাতের ফলে সুদানে বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে। দেশটিতে লাখ লাখ মানুষের চিকিৎসাসেবা প্রয়োজন।
সুদানের মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলের বড় অংশের নিয়ন্ত্রণ রয়েছে সেনাবাহিনীর হাতে। অন্যদিকে, আরএসএফের প্রধান ঘাঁটি পশ্চিমাঞ্চলের দারফুরে। দক্ষিণাঞ্চলের কিছু এলাকাও তাদের নিয়ন্ত্রণে রয়েছে। সুদানের সেনাবাহিনী ও আরএসএফ—উভয় পক্ষের বিরুদ্ধেই ড্রোন হামলা চালানোর অভিযোগ রয়েছে।