EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

তুরস্কে ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত ১১

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৯:৫১ এএম

তুরস্কে ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত ১১

ছবি: এএফপি

অ অ

তুরস্কের পশ্চিমাঞ্চলে ট্রাকের সঙ্গে পর্যটকবাহী বাসের সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৭ জন। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

রোববার (১১ অক্টোবর) দেশটির মানিসা জেলায় বুরসা ও ইজমির শহরের মধ্যবর্তী মহাসড়কের প্রবেশপথের কাছে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর বাসটি উল্টে যায়।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তাফা চিফচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, দুর্ঘটনার খবর পেয়ে জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি। 

তুরস্কের সংবাদ সংস্থা ডিএইচএর প্রকাশিত ছবিতে দেখা যায়, বাসটি সড়কের নিরাপত্তাবেষ্টনীর ওপর আড়াআড়িভাবে পড়ে আছে। বাসটির সামনের কাচও ভেঙে গেছে।

দুর্ঘটনার তদন্তের অংশ হিসেবে বাস ও ট্রাকের দুই চালককে আটক করা হয়েছে বলে জানিয়েছে তুরস্কের বিভিন্ন সংবাদমাধ্যম। তবে তাঁদের শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

সংবাদমাধ্যমগুলোর কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি ছিল একটি টো ট্রাক। তুরস্কের সংবাদমাধ্যম হুরিয়েতের প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রাকটি সড়কের ভুল পাশ দিয়ে চলছিল। তবে এ বিষয়ে তদন্তের চূড়ান্ত ফল জানা যায়নি।

আরও পড়ুন