পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ পিএম
খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট জারদারি। ছবি: সংগৃহীত
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জরুরি অবস্থা ও গভর্নরের শাসন জারি করেছে কেন্দ্রীয় সরকার।
রবিবার (১১ অক্টোবর) প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি সংবিধানের ২৩২ ও ২৩৪ অনুচ্ছেদের ক্ষমতাবলে এ সিদ্ধান্ত কার্যকর করেন।
এতে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পরিচালিত প্রাদেশিক সরকারের কার্যক্রম কার্যত স্থগিত হয়ে গেছে।
ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআইয়ের নেতা-কর্মীরা গত ৪ অক্টোবর খাইবার পাখতুনখাওয়া থেকে রাজধানী ইসলামাবাদ অভিমুখে লংমার্চ শুরু করেন। লংমার্চ এখনো প্রদেশের ভেতরেই অবস্থান করছে।
ফেডারেল আইনমন্ত্রী আজম নাজির তারার বলেন, খাইবার পাখতুনখাওয়ার পরিস্থিতি এতটাই অস্বাভাবিক ছিল যে কেন্দ্রীয় সরকারকে সংবিধানের ২৩২ ও ২৩৪ অনুচ্ছেদ একযোগে প্রয়োগ করতে হয়েছে।
জরুরি অবস্থা জারির পর প্রদেশের গভর্নর ফয়সাল করিম কুন্দি সতর্ক করে বলেন, যাঁরা আইন নিজের হাতে তুলে নেবেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।