হরমুজে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, নিরাপদে ৭ বাংলাদেশি নাবিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ এএম
ছবি: সংগৃহীত
ওমান বন্দরের অদূরে ওমান উপসাগরের (গাল্ফ অব ওমান) আন্তর্জাতিক জলসীমায় ‘এমটি ফেলি’ নামের একটি তেলবাহী বাণিজ্যিক জাহাজে গুলি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ। গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টার দিকে হরমুজ প্রণালীতে প্রবেশের মুখে এই ঘটনা ঘটে।
তবে এ ঘটনায় জাহাজটিতে থাকা ৭ জন বাংলাদেশিসহ মোট ২৬ জন নাবিক অক্ষত ও নিরাপদ রয়েছেন। আক্রান্ত ওই জাহাজে ৭ জন বাংলাদেশি ছাড়াও মিয়ানমারের ৫ জন এবং ১৪ জন চীনা নাবিক কর্মরত রয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
জাহাজে থাকা নাবিকদের বরাতে জানা যায়, ৩ লাখ টন ধারণক্ষমতাসম্পন্ন এই বিশাল তেলবাহী জাহাজটি সিঙ্গাপুর থেকে হরমুজ প্রণালী হয়ে ইরাকের উদ্দেশে রওনা হয়েছিল। কিন্তু হরমুজে প্রবেশের ঠিক আগে ওমান উপসাগরের কাছে জাহাজটি মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজের মুখোমুখি হয়।
আক্রান্ত জাহাজে কর্মরত বেলাল উদ্দিন নামের এক বাংলাদেশি নাবিক ঘটনার বিবরণ দিয়ে বলেন,‘আমরা যখন হরমুজ প্রণালীর কাছাকাছি অগ্রসর হচ্ছিলাম, তখন ইউএস নেভি শিপ (মার্কিন যুদ্ধজাহাজ) থেকে আমাদের সাথে রেডিওতে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। কিন্তু আমাদের জাহাজ থেকে কোনো কারণে সেই কলের উত্তর বা সাড়া দেওয়া হয়নি।’
বেলাল উদ্দিন জানান, যোগাযোগে ব্যর্থ হওয়ার পরপরই মার্কিন যুদ্ধজাহাজটি সরাসরি বাণিজ্যিক জাহাজটিকে লক্ষ্য করে কয়েকশ রাউন্ড গুলি ছোঁড়ে। আচমকা গুলিবর্ষণে পুরো জাহাজে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কয়েকশ বুলেটের আঘাতে এমটি ফেলির উপরিভাগ ও মূল কাঠামো বেশ ক্ষতিগ্রস্ত হয়। তবে সৌভাগ্যবশত আমরা সবাই ডেকে নিরাপদ অবস্থানে থাকায় কোনো নাবিক হতাহত হননি।’
আচমকা হামলার মুখে জাহাজের ক্যাপ্টেন ও নাবিকরা দ্রুত সিদ্ধান্ত নিয়ে জাহাজটিকে আর সামনের দিকে না বাড়িয়ে পেছনের দিকে নিয়ে যান। মার্কিন বাহিনীর আক্রমণ থেকে বাঁচতে জাহাজটি দ্রুত ওই স্থান থেকে পিছু হটে নিরাপদ দূরত্বে চলে যায়।
মধ্যপ্রাচ্যের এই কৌশলগত জলসীমায় বাণিজ্যিক জাহাজের ওপর মার্কিন যুদ্ধজাহাজের এই গুলিবর্ষণের ঘটনাটি আন্তর্জাতিক নৌ-চলাচলের ক্ষেত্রে নতুন করে বড় ধরনের নিরাপত্তা উদ্বেগ তৈরি করেছে।