EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

ঘণ্টায় ১৬৯ কিমি বেগে আঘাত হানল ‘ইসাইয়াস’, বিদ্যুৎহীন ৫ লাখ গ্রাহক

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১২:০৯ পিএম

ঘণ্টায় ১৬৯ কিমি বেগে আঘাত হানল ‘ইসাইয়াস’, বিদ্যুৎহীন ৫ লাখ গ্রাহক
অ অ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে আঘাত হেনেছে ঘণ্টায় ১৬৯ কিলোমিটার বেগের শক্তিশালী হারিকেন ‘ইসাইয়াস’। এর প্রভাবে পাঁচ লাখের বেশি গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাস দেখা দেওয়ার পাশাপাশি বন্যা ও টর্নেডোর সতর্কতা জারি করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) ন্যাশনাল হারিকেন সেন্টারের বরাতে সিএনএনের লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ঘূর্ণিঝড়টি আঘাত হানার সময় ফ্লোরিডার সান্তা রোসা বিচে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৮৬ কিলোমিটার বা ১১৬ মাইল রেকর্ড করা হয়। ঝড়টি ফ্লোরিডার প্যানহ্যান্ডেল অঞ্চল অতিক্রম করে ঘণ্টায় ৩১ কিলোমিটার বেগে উত্তর দিকে অ্যালাবামার দিকে এগিয়ে যাচ্ছে।

ঝড়ের প্রভাবে পাঁচ লাখের বেশি গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। উপকূলীয় এলাকায় তীব্র বাতাসের পাশাপাশি ৩ থেকে ৫ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস দেখা দিয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় ফ্লোরিডা ও জর্জিয়ার কিছু এলাকায় জলোচ্ছ্বাস, বন্যা ও টর্নেডোর সতর্কতা জারি করেছে জাতীয় আবহাওয়া সংস্থা। ফ্লোরিডার এস্কেম্বিয়া কাউন্টির প্রায় ৬০ শতাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। এ ছাড়া ঝোড়ো বাতাসে উড়ে আসা ধ্বংসাবশেষের কারণে বিভিন্ন সড়কে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে।

ঘূর্ণিঝড়ের কারণে একাধিক সংগীত উৎসব বাতিল করা হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল পার্ক সার্ভিস কয়েকটি উদ্যান বন্ধ ঘোষণা করেছে।


দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির অংশ হিসেবে অ্যালাবামার গভর্নর আইভির আবেদনের পরিপ্রেক্ষিতে রাজ্যটির কয়েকটি কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণার অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের ৯ অক্টোবর হারিকেন মিল্টনের আঘাতের পর এটি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়।

আরও পড়ুন