EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

পানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, বিদ্যুৎ ও ফ্লাইট বিপর্যয়

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ এএম

পানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, বিদ্যুৎ ও ফ্লাইট বিপর্যয়

ছবি: সংগৃহীত

অ অ

মধ্য আমেরিকার দেশ পানামার দক্ষিণাঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (৯ অক্টোবর) আঘাত হানা এ ভূমিকম্পে বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ছয়টি প্রদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে এবং টোকুমেন আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছে।

ভূমিকম্পে আতঙ্কিত বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। এর পর এক ডজনের বেশি আফটারশক বা পরকম্পন অনুভূত হয়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূপৃষ্ঠ থেকে ১২ দশমিক ৬ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়। সংস্থাটির প্রাথমিক হিসাব বলছে, এ ভূমিকম্পে দেশটির মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১ থেকে ১০ শতাংশের সমপরিমাণ অর্থনৈতিক ক্ষতি হতে পারে।

টেলিভিশনের বিভিন্ন ফুটেজে ভূমিকম্পের পর একের পর এক পরকম্পনে ভবন কাঁপতে দেখা যায়। এ সময় আতঙ্কিত বাসিন্দাদের রাস্তায় অবস্থান করতে দেখা গেছে।

বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ন্যাচারজির তথ্য অনুযায়ী, দেশটির ছয়টি প্রদেশে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে। আঞ্চলিক গুরুত্বপূর্ণ বিমান চলাচলকেন্দ্র টোকুমেন আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত করা হয়। এ ছাড়া রাজধানী পানামা সিটির মেট্রোরেল চলাচলও বন্ধ রাখা হয়।

ভূমিকম্পের কারণে রাজধানীর বিভিন্ন সড়কে যানজট সৃষ্টি হয়। ভবনের কাঠামোগত ক্ষতির আশঙ্কা ও পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তার কারণে অনেক অফিস নির্ধারিত সময়ের আগেই কর্মীদের ছুটি দেয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও আগেভাগে ছুটি ঘোষণা করা হয়। পরে দেশজুড়ে ক্লাস স্থগিত করা হয়। 

পানামার ভূবিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক নেস্তর লুক জানান, আজুয়েরো-সোনা ফল্ট সিস্টেম থেকে ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে। ওই ভূগাঠনিক চ্যুতির এলাকায় দীর্ঘদিন ধরে চাপ জমছিল।

তিনি বলেন, এটি একটি সক্রিয় চ্যুতি ব্যবস্থা। সেখানে চাপ জমতে জমতে একপর্যায়ে বিপুল শক্তি নির্গত হয়। ভূমিকম্পের কম্পন দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। এ কারণেই প্রায় সর্বত্র কম্পন অনুভূত হয়েছে।

নেস্তর লুক জানান, রাজধানী পানামা সিটিতে প্রায় ৪০ সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়। তবে দেশের অন্য কিছু এলাকায় কম্পনের স্থায়িত্ব আরও বেশি হতে পারে।

ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল প্রশান্ত মহাসাগরীয় উপকূলের কাছে হেরেরা প্রদেশের স্বল্প জনবসতিপূর্ণ গ্রামীণ এলাকা লা পিতালোজার কাছে। প্রতিবেশী দেশ কোস্টারিকার রাজধানী সান হোসে পর্যন্ত কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে।

কেন্দ্রস্থল ও পানামা সিটির মাঝামাঝি পেনোনোমে শহরে ক্ষয়ক্ষতির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এসব ভিডিওতে একটি ক্ষতিগ্রস্ত গির্জা এবং আশপাশের কয়েকটি ভবনের ক্ষয়ক্ষতির চিত্র দেখা যায়।

পানামার বেসামরিক সুরক্ষা সংস্থার প্রধান ওমর স্মিথ জানান, হেরেরা প্রদেশের রাজধানী চিত্রে এবং উপকূলীয় লস সান্তোস প্রদেশেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

এদিকে, ভূমিকম্পের পর পানামার উপকূলে সুনামির আশঙ্কা কেটে গেছে। যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা ব্যবস্থা জানিয়েছে, এ ঘটনায় এখন আর সুনামির ঝুঁকি নেই।

সূত্র: রয়টার্স

আরও পড়ুন