১৭ হাজার ফুট ওপরে বজ্রপাত, ক্ষতিগ্রস্ত ইন্ডিগোর বিমান
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১২:০৩ পিএম
ছবি: সংগৃহীত
পাটনা থেকে লখনউ যাওয়ার পথে মাঝ আকাশে বজ্রপাতের কবলে পড়ে ইন্ডিগোর একটি বিমান। বুধবার প্রায় ১৭ হাজার ফুট উচ্চতায় বজ্রপাতের ধাক্কায় বিমানটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে পাইলট নিরাপদেই বিমানটিকে লখনউয়ের চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করান। বিমানে থাকা ১০৪ যাত্রী ও ছয় ক্রু সদস্যের সবাই নিরাপদে আছেন।
ইন্ডিগোর বিমানটি বুধবার (৭ অক্টোবর) পাটনা থেকে লখনউয়ের উদ্দেশে যাত্রা শুরু করে। উড্ডয়নের পর বিমানটি প্রতিকূল আবহাওয়ার মধ্যে পড়ে। ওই সময় টার্বুল্যান্সও ছিল। প্রায় ১৭ হাজার ফুট উচ্চতায় থাকার সময় বিমানটিতে বজ্রপাত হয়। পরে লখনউ বিমানবন্দরে অবতরণের সময় বিমানটির ক্ষয়ক্ষতির বিষয়টি স্পষ্ট হয়।
বিমানটির নাকের অংশে থাকা রাডোম ক্ষতিগ্রস্ত হয়েছে। রাডোমের ভেতরেই বিমানের আবহাওয়া পর্যবেক্ষণকারী রাডার থাকে। বজ্রপাতের পাশাপাশি অবতরণের সময় শিলাবৃষ্টির কারণেও রাডোমটি ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে বলে জানিয়েছে ইন্ডিগো।
অবতরণের পরই গ্রাউন্ডেড
লখনউ বিমানবন্দরে অবতরণের পর বিমানটিকে আর উড্ডয়নের অনুমতি দেওয়া হয়নি। সেটি গ্রাউন্ডেড করা হয়েছে। বর্তমানে প্রযুক্তিগত দল বিমানটির ক্ষয়ক্ষতি পরীক্ষা করছে। বিষয়টি ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএকে জানানো হয়েছে।
ইন্ডিগোর পক্ষ থেকে জানানো হয়েছে, ৭ অক্টোবর পাটনা-লখনউ রুটের বিমানটি প্রতিকূল আবহাওয়ার মধ্যে পড়ে। অবতরণের সময় বিমানটি শিলাবৃষ্টিরও মুখে পড়ে। এতে রাডোম ক্ষতিগ্রস্ত হয়। যাত্রীদের নিরাপদে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়েছে। প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ ও পরিদর্শন শেষে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়া গেলে বিমানটি আবার পরিষেবায় ফিরবে।
লখনউয়ে অবতরণের পর বিমানটির পরবর্তী গন্তব্য ছিল আমদাবাদ। তবে ক্ষয়ক্ষতির কারণে ওই ফ্লাইট বাতিল করা হয়। পরে বিকল্প বিমানে যাত্রীদের গন্তব্যে পাঠানো হয়।
আগেও বজ্রপাতের কবলে ইন্ডিগোর বিমান
ইন্ডিগোর বিমানে আবহাওয়াজনিত বিপত্তির ঘটনা এবারই প্রথম নয়। এর আগে গত জুনে কলকাতা বিমানবন্দরে ঝড়-বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকা ইন্ডিগোর একটি বিমানেও বজ্রপাতের ঘটনা ঘটে। পরে ওই বিমানের যাত্রীদের নামিয়ে অন্য বিমানে গন্তব্যে পাঠানো হয়।
এ ছাড়া গত মাসে বেঙ্গালুরু বিমানবন্দরে অবতরণের সময় গুয়াহাটি থেকে আসা ইন্ডিগোর একটি বিমানে অস্বাভাবিক রানওয়ে সংযোগের ঘটনা ঘটে। ওই বিমানটিকেও গ্রাউন্ডেড করা হয়েছিল।
