EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

সৌদির দুই বিমানবন্দরে ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা, হতাহত ৩৯

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৩০ এএম

সৌদির দুই বিমানবন্দরে ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা, হতাহত ৩৯

ছবি: সংগৃহীত

অ অ

সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত তিনজন নিহত এবং ৩৬ জন আহত হয়েছেন। সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জাকা) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার ও বুধবার দেশটির দক্ষিণাঞ্চলের আভা আন্তর্জাতিক বিমানবন্দর এবং রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক হামলার ঘটনা ঘটে।

জাকার তথ্য অনুযায়ী, আভা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই নারী নিহত হয়েছেন। তাদের একজন মরক্কোর এবং অন্যজন আলজেরিয়ার নাগরিক। এ ঘটনায় আরও ২৮ জন আহত হয়েছেন।

অন্যদিকে, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় সুদানের এক নাগরিক নিহত হয়েছেন। সেখানে পাঁচ সৌদি নাগরিকসহ আটজন আহত হয়েছেন।

যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সংশ্লিষ্ট নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে বলে জানিয়েছে জাকা।

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, রিয়াদের উত্তরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। একই সঙ্গে ইয়েমেনের রাজধানী সানা থেকে সৌদি রাজধানীতে হামলা চালাতে ব্যবহৃত একটি লঞ্চিং প্যাড ধ্বংস করেছে জোট বাহিনী।

এর আগে ১৮ সেপ্টেম্বর সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছিল, ইয়েমেন থেকে রিয়াদ বিমানবন্দরের দিকে ছোড়া একটি সন্দেহভাজন হুথি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাঝআকাশে প্রতিহত করে ধ্বংস করা হয়েছে। পরদিন রিয়াদ বিমানবন্দরের কাছে বিস্ফোরণের শব্দ শোনা যায়। কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের একটি জ্বালানি সংরক্ষণ এলাকা থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতেও দেখা যায়।

এদিকে রিয়াদ বিমানবন্দরের কাছে সৌদি রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর জ্বালানি ট্যাংক ও অন্যান্য সরঞ্জামের চারপাশে চলতি সপ্তাহে নতুন করে নিরাপত্তাবেষ্টনী স্থাপন করা হয়েছে।

হুথিরা বুধবার ভোরে এডেন বিমানবন্দরেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তবে ওই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে সৌদি আরবে বসবাসরত মার্কিন নাগরিকদের জন্য নতুন করে সতর্কতা জারি করেছে রিয়াদের মার্কিন দূতাবাস। নাগরিকদের আরও সতর্ক ও সজাগ থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন