এসআইআরের বিরুদ্ধে বেঙ্গালুরুর বিক্ষোভে ধ্রুব রাঠি ও প্রকাশ রাজ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ এএম
ভারতের ভোটার তালিকা সংশোধনের বিতর্কিত প্রক্রিয়া স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর)-এর বিরুদ্ধে বেঙ্গালুরুতে আয়োজিত বিক্ষোভে অংশ নিতে যাচ্ছেন জনপ্রিয় ইউটিউবার ও রাজনৈতিক ভাষ্যকার ধ্রুব রাঠি। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে অনুষ্ঠেয় এই কর্মসূচিতে তাকে বিশেষ অতিথি হিসেবে ঘোষণা করেছেন অভিনেতা ও অধিকারকর্মী প্রকাশ রাজ।
গত বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা এক ভিডিওতে প্রকাশ রাজ জানান, সকালে যে বিশেষ অতিথির কথা তিনি বলেছিলেন, তিনি ধ্রুব রাঠি। বেঙ্গালুরুতে এসআইআরের বিরুদ্ধে আয়োজিত কর্মসূচিতে এবারই প্রথম অংশ নিতে যাচ্ছেন রাঠি বলেও জানান তিনি।
প্রকাশ রাজ বলেন, ধ্রুব রাঠি প্রথমবার বেঙ্গালুরুতে আসছেন। এসআইআর বাতিলের দাবিতে তিনি তাদের সঙ্গে থাকবেন। এ কর্মসূচিতে বিপুলসংখ্যক মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
বিক্ষোভে ধ্রুব রাঠি ছাড়াও জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নেত্রী আইশে ঘোষ, নেহা বোরা, অভিজিৎ দিপকে ও সৌরভ দাসের উপস্থিত থাকার কথা রয়েছে। বিভিন্ন তরুণ সংগঠন, নাগরিক সমাজের প্রতিনিধি এবং এসআইআরের কারণে ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন বলে দাবি করা কর্ণাটকের বিভিন্ন জেলার বাসিন্দারাও এতে অংশ নেবেন।
ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের নেতৃত্বে আগামীকাল সকাল সাড়ে ১০টায় বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে ‘চপ্পল প্রতিবাদ’ ও জনগণের ট্রাইব্যুনাল আয়োজন করা হয়েছে। এসআইআরের কারণে যেসব নাগরিকের নাম ভোটার তালিকা থেকে অন্যায়ভাবে বাদ পড়েছে বলে অভিযোগ, সেখানে তাদের বক্তব্য শোনার কথা রয়েছে।
প্রকাশ রাজের দাবি, এসআইআর শুধু ভোটের বিষয় নয়; এটি গণতন্ত্র ও সংবিধানের জন্যও গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তাঁর ভাষ্য, এসআইআরের কারণে অনেক নাগরিক ‘মানসিক যন্ত্রণার’ মধ্য দিয়ে যাচ্ছেন।
এদিকে অভিজিৎ দিপকে বেঙ্গালুরুতে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন। আগামী ১০ অক্টোবর দিল্লিতেও এসআইআরের বিরুদ্ধে কর্মসূচি আয়োজনের কথা রয়েছে। সেখানে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিও জানানো হবে।