নেপাল সীমান্তের ভয়াবহ বন্যায় উদ্ধার অভিযান সমাপ্ত, এখনো নিখোঁজ ৫২৮৫
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ পিএম
ছবি: সংগৃহীত
চীন-নেপাল সীমান্তে গত আগস্টে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্ধারে চালানো দীর্ঘ অভিযান আনুষ্ঠানিকভাবে শেষ করেছে নেপাল সরকার।
বন্যায় অন্তত ১ হাজার ৪৫৫ জনের মৃত্যু হয়েছে, এখনো নিখোঁজ রয়েছেন ৫ হাজার ২৮৫ জনের বেশি। দুর্গতদের জরুরি সহায়তা ও পুনর্বাসনে প্রায় ৫০০ কোটি মার্কিন ডলার প্রয়োজন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
নেপালের কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্যমতে, গত ২৬ আগস্ট নেপাল ও চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল-সংলগ্ন সীমান্ত এলাকায় আকস্মিক ও শক্তিশালী ঢল থেকে এই ভয়াবহ বন্যার সূত্রপাত হয়। এতে ১ হাজার ৪৫৫ জনের মৃত্যু এবং ৫ হাজার ২৮৫ জনের বেশি মানুষ নিখোঁজ হয়েছেন। এ ছাড়া উদ্ধারকর্মীরা অন্তত ১৩ হাজার ৭৯৫ জনকে জীবিত উদ্ধার করেছেন।
ন্যাশনাল ইমার্জেন্সি অপারেশন সেন্টারের প্রধান ফণীন্দ্র পাউডেল বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, সরকার এখন অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষ করে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও সহায়তার পর্যায়ে প্রবেশ করছে।
নিখোঁজ ব্যক্তিদের পরিবার যাতে বিমা, ব্যাংকঋণসহ প্রয়োজনীয় আইনগত বিষয় দ্রুত সম্পন্ন করতে পারে, সে জন্য তাদের আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণার আইনি প্রক্রিয়াও বিবেচনা করা হচ্ছে বলে জানান তিনি। এ বিষয়ে সরকার প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শুরু করেছে বলেও জানান ফণীন্দ্র পাউডেল।
