EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

চলতি বছর ১০ হাজার অভিবাসীকে মিয়ানমারে ফেরত পাঠাল মালয়েশিয়া

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৬:১০ পিএম

চলতি বছর ১০ হাজার অভিবাসীকে মিয়ানমারে ফেরত পাঠাল মালয়েশিয়া
অ অ

চলতি বছর প্রায় ১০ হাজার মিয়ানমারের নাগরিককে তাদের দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। মিয়ানমারের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মালয়েশিয়ায় বর্তমানে অভিবাসীবিরোধী মনোভাব প্রবল। কুয়ালালামপুর জানায়, ৫ হাজার অভিবাসীকে ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার। এরই অংশ হিসেবে প্রথম দফায় জাহাজে করে ১,৪৭৬ জন ইয়াঙ্গুনের থানলিয়িন বন্দরে পৌঁছান। মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদপত্র 'দ্য গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার' জানায়, গত জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত বিমানে আনা হয় আরও ৮ হাজার ৪১ জনকে।

তবে এই প্রত্যাবাসন প্রক্রিয়ার তীব্র সমালোচনা করেছে জাতিসংঘ। যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে এভাবে মানুষ ফেরত পাঠানো নিরাপদ নয় বলে জানায় সংস্থাটি। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা অভিযোগ করে, ফেরত যাওয়ার সিদ্ধান্ত স্বেচ্ছায় হয়েছে কি না, তা যাচাই করার সুযোগ তাদের দেওয়া হয়নি।

মানবাধিকার সংগঠনগুলোর আশঙ্কা, এই তালিকায় নিপীড়নের শিকার রোহিঙ্গা নাগরিকরাও থাকতে পারেন। তবে মালয়েশিয়া ফেরত পাঠানো ব্যক্তিদের জাতিগত পরিচয় প্রকাশ করেনি।

সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে গৃহযুদ্ধে এক লাখের বেশি মানুষ মারা গেছেন। অন্যদিকে ২০১৭ সাল থেকে সেনা নির্যাতন থেকে বাঁচতে বহু রোহিঙ্গা মালয়েশিয়ায় আশ্রয় নেন। মালয়েশিয়ার ১ লাখ ৯০ হাজার মিয়ানমারি শরণার্থীর মধ্যে দুই-তৃতীয়াংশই রোহিঙ্গা।

আরও পড়ুন