EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

আফগানিস্তানে কূপে আটকা শিশুকে উদ্ধার করল ১১ বছরের কিশোর

প্রাপ্তবয়স্কদের পক্ষে যেখানে নামাই সম্ভব নয়, সেখানে শেষ পর্যন্ত ১১ বছরের হাজরত ওমরের সাহসী অভিযানে উদ্ধার হয় জাইনুল্লাহ

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ এএম

আফগানিস্তানে কূপে আটকা শিশুকে উদ্ধার করল ১১ বছরের কিশোর

ছবি: সংগৃহীত

অ অ

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশে খেলতে গিয়ে শুকিয়ে যাওয়া একটি সরু কূপে পড়ে যায় পাঁচ বছরের শিশু জাইনুল্লাহ। প্রায় ৭০ মিটার (২৩০ ফুট) গভীর ওই কূপের নিচে গিয়ে আটকে পড়ে সে।। প্রাপ্তবয়স্কদের পক্ষে যেখানে নামাই সম্ভব নয়, সেখানে শেষ পর্যন্ত ১১ বছরের হাজরত ওমরের সাহসী অভিযানে উদ্ধার হয় জাইনুল্লাহ।

কূপের ওপরে থাকা উদ্ধারকারীরা ক্যামেরার মাধ্যমে স্ক্রিনে জাইনুল্লাহকে দেখতে পাচ্ছিলেন। দুই দিন আগে কূপে পড়ে যাওয়ার পর থেকেই তাকে উদ্ধারে শুরু হয় একের পর এক চেষ্টা।

কূপটি এতটাই গভীর ছিল যে এর গভীরতা প্রায় একটি ফুটবল মাঠের প্রস্থের সমান। এত ওপর থেকে পড়েও শিশুটি বেঁচে যায়। তবে কূপটির ব্যাস মাত্র ৩০ সেন্টিমিটার (১২ ইঞ্চি) হওয়ায় কোনো প্রাপ্তবয়স্ক মানুষের পক্ষে নিচে নামা সম্ভব ছিল না।

জাইনুল্লাহ নিজেও খুব ছোট এবং আতঙ্কিত থাকায় তার শরীরে কীভাবে দড়ি বাঁধা হবে, তা নিয়েও বিপাকে পড়েন উদ্ধারকারীরা।

প্রথমদিকে আরও তিন শিশুকে কূপের ভেতরে নামানোর চেষ্টা করা হয়। কিন্তু কূপটি এতটাই সরু ছিল যে শ্বাস নিতে কষ্ট হওয়ায় তারা দ্রুত ওপরে তুলে নেওয়ার অনুরোধ করে। একের পর এক চেষ্টা ব্যর্থ হওয়ার পর শেষ পর্যন্ত উদ্ধারকারীরা সাহায্য চান ১১ বছরের হাজরত ওমরের।

এর আগেও একটি সফল উদ্ধার অভিযানে হাজরতকে কূপের ভেতরে নামানো হয়েছিল বলে জানা যায়। চাচার অনুমতি নিয়ে এবং উদ্বিগ্ন বড়দের নিষেধ উপেক্ষা করে এবারও কূপে নামতে রাজি হয় সে।

প্রথমবার দুই হাতে দড়ি বেঁধে হাজরতকে নিচে নামানো হলে কূপের ভেতরে তার কাঁধ ও উরু আটকে যায়। পরে তাকে ওপরে তুলে আনা হয়।


হাজরত বলেন, আমি চিৎকার করে জানিয়েছিলাম যে আমি আহত হয়েছি। এরপর তারা আমাকে আবার ওপরে তুলে আনে।

এরপর আবারও তাকে কূপে নামানো হয়। এবার সফলভাবে কূপের তলায় পৌঁছে যায় হাজরত। সেখানে গিয়ে জাইনুল্লাহকে উদ্ধারের প্রস্তুতি নেয় সে।

ওপরে তখন শত শত মানুষ উৎকণ্ঠায় অপেক্ষা করছিলেন। শেষ পর্যন্ত কূপের চারপাশে থাকা লোকজন ধীরে ধীরে দড়ি টানতে শুরু করেন। একপর্যায়ে হাজরত ও জাইনুল্লাহকে নিরাপদে ওপরে তুলে আনা হয়।

আফগানিস্তানজুড়ে পানির তীব্র সংকট মোকাবিলায় কৃষকেরা হাজার হাজার গভীর ও সরু নলকূপ খনন করেছেন। এসব কূপের অনেকগুলোই সহজে চোখে পড়ে না। ফলে কৃষিজমিতে থাকা এসব গভীর গর্ত এখন প্রাণঘাতী ফাঁদে পরিণত হয়েছে।

আরও পড়ুন