EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা ঠেকাতে ইরানের ‘নতুন কৌশল’

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৩২ এএম

মার্কিন নিষেধাজ্ঞা ঠেকাতে ইরানের ‘নতুন কৌশল’

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি: সংগৃহীত

অ অ

মার্কিন নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপ মোকাবিলায় ইরান ‘নতুন ব্যবস্থা’ নিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

শনিবার (৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি বলেন, বর্তমান বিশেষ পরিস্থিতি মোকাবিলায় সরকার নতুন ব্যবস্থা গ্রহণ করেছে। তাঁর দাবি, যুক্তরাষ্ট্রসহ ইরানের বিরোধী দেশগুলো দেশটির গুরুত্বপূর্ণ অর্থনৈতিক পথ বন্ধ করে জনগণের ওপর চাপ বাড়ানোর চেষ্টা করছে।

পেজেশকিয়ান বলেন, জনগণের সমর্থন এবং সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারণে ওই প্রচেষ্টা সফল হয়নি। তবে তিনি নতুন ব্যবস্থার বিস্তারিত জানাননি।

ইরানের প্রেসিডেন্টের এই বক্তব্য এসেছে দেশটির আর্থিক ও বাণিজ্যিক নেটওয়ার্কের ওপর যুক্তরাষ্ট্রের চাপ বাড়ানোর মধ্যে। মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের তেল বিক্রি, নিষেধাজ্ঞা এড়ানো এবং বিভিন্ন আর্থিক কার্যক্রমের সঙ্গে যুক্ত নেটওয়ার্কগুলোকে তারা চিহ্নিত করে ব্যবস্থা নিচ্ছে। 

সম্প্রতি ইরানের বিমান চলাচল খাতেও নিষেধাজ্ঞার চাপ বাড়িয়েছে ওয়াশিংটন। গত ৮ সেপ্টেম্বর মার্কিন অর্থ মন্ত্রণালয় ইরানের ২৭টি বিমান সংস্থাসহ মোট ৩৬টি ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়। ইরানের বিমান চলাচল খাতকে সহায়তা করা বিদেশি প্রতিষ্ঠানগুলোকেও মার্কিন নিষেধাজ্ঞার ঝুঁকির বিষয়ে সতর্ক করা হয়েছে।

দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানের বিমান সংস্থাগুলোর নতুন উড়োজাহাজ, প্রয়োজনীয় যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণ সেবা পাওয়া কঠিন হয়ে পড়েছে। নতুন নিষেধাজ্ঞা এ খাতের ওপর আরও চাপ তৈরি করতে পারে।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নিষেধাজ্ঞা শুধু বিমান চলাচল খাতেই সীমিত নয়। জ্বালানি, জাহাজ চলাচল, প্রযুক্তি, স্বর্ণ ও ডিজিটাল সম্পদের মতো খাতও এর আওতায় রয়েছে।

আরও পড়ুন