হুথিদের বিরুদ্ধে বড় সামরিক অভিযানের প্রস্তুতি সৌদি আরবের
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ এএম
ছবি: সংগৃহীত
ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। এ হামলার পরিকল্পনা নিয়ে কাজ করছে রিয়াদ।
মধ্যপ্রাচ্যের একাধিক সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, কয়েক সপ্তাহের মধ্যে নতুন এই অভিযান শুরু হতে পারে। এর অন্যতম লক্ষ্য হবে হুথিদের লোহিত সাগরের উপকূলীয় এলাকা থেকে সরিয়ে দেওয়া। একই সঙ্গে ইয়েমেনের বিভিন্ন ফ্রন্টে সমন্বিত হামলাও চালানো হতে পারে।
অভিযানে ইয়েমেনের স্থলবাহিনী নেতৃত্ব দেবে। এই বাহিনীকে সৌদি আরব পরিচালনা করে। পাশাপাশি বিমান হামলা চালাবে সৌদি বাহিনী।
আঞ্চলিক সূত্রগুলো জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে সৌদি আরবকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে। এ ছাড়া কয়েকটি আরব ও ইউরোপীয় দেশ সৌদিকে প্রতিরক্ষামূলক সামরিক সহায়তা দিচ্ছে।
তবে হুথিদের বিরুদ্ধে সম্ভাব্য এই অভিযানে সৌদি আরবের কোনো মিত্র সরাসরি অংশ নেবে না বলে জানিয়েছে সূত্রগুলো।
ইয়েমেনে ২০১৪ সালে সরকারবিরোধী আন্দোলনের সময় হুথিরা রাজধানী সানাসহ দেশটির বিভিন্ন এলাকা দখল করে নেয়। এর পরই দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়। ২০১৫ সালে ইয়েমেনের সরকারকে সহায়তা করতে এই যুদ্ধে জড়িয়ে পড়ে সৌদি আরব। এরপর হুথিদের লক্ষ্য করে হাজার হাজার বিমান হামলা চালালেও তাদের হটাতে পারেনি রিয়াদ।
পরে ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় হুথি ও সৌদি আরবের মধ্যে যুদ্ধবিরতি হয়। চলতি বছরের মাঝামাঝি সময় পর্যন্ত ওই যুদ্ধবিরতি কার্যকর ছিল।
প্রায় দুই মাস আগে সানার আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালায় সৌদি বাহিনী। ওই সময় ইরান থেকে ফিরে আসা হুথি নেতাদের বহনকারী একটি বিমান সেখানে অবতরণ করছিল। এ ঘটনায় হুথিরা ক্ষুব্ধ হয়। পরে তারা সৌদি আরবে হামলা চালানোর পাশাপাশি সৌদি আরোপিত অবরোধ প্রত্যাহারের দাবি জানায়।
অবরোধ প্রত্যাহার না করলে লোহিত সাগর ও বাব এল-মান্দেব প্রণালি দিয়ে সৌদি আরবের কোনো জাহাজ চলাচল করতে দেওয়া হবে না বলে হুমকি দেয় হুথিরা। এরপর সৌদি জাহাজ লক্ষ্য করে হামলাও চালায় তারা।
এরই মধ্যে ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখা দখল করেছে হুথিরা।
সূত্রগুলো জানিয়েছে, হুথিরা সাম্প্রতিক সময়ে দ্রুত অভিযান চালিয়ে লোহিত সাগরের যেসব এলাকা দখল করেছে, সৌদি আরবের সম্ভাব্য নতুন অভিযানের অন্যতম লক্ষ্য হবে সেসব এলাকা থেকে হুথি যোদ্ধাদের সরিয়ে দেওয়া।