মধ্যপ্রাচ্যে নতুন রণতরীসহ ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০১:৩৬ এএম
ছবি: আল-জাজিরা
ইরানকে ঘিরে উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে আরও সামরিক শক্তি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রায় ৯ থেকে ১০ হাজার সেনাসহ নতুন একটি বিমানবাহী রণতরী ওই অঞ্চলে পাঠানো হচ্ছে।
মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা গেছে, ইউএসএস থিওডোর রুজভেল্ট বিমানবাহী রণতরীর নেতৃত্বাধীন স্ট্রাইক গ্রুপ মধ্যপ্রাচ্যের পথে রয়েছে। এর সঙ্গে রয়েছে ইউএসএস মাকিন আইল্যান্ডের নেতৃত্বাধীন একটি উভচর যুদ্ধদল। এসব জাহাজে ৭ হাজারের বেশি নাবিক ও প্রায় ২ হাজার মেরিন রয়েছে।
নতুন এই মোতায়েনের ফলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তিনটি বিমানবাহী রণতরী অবস্থান করতে পারে। মার্কিন কর্মকর্তাদের হিসাবে, অক্টোবরের শেষ নাগাদ তিনটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ ওই অঞ্চলে থাকতে পারে।
বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আরও দুটি বিমানবাহী রণতরী রয়েছে। নতুন মোতায়েনের ফলে সেখানে মার্কিন নৌবাহিনীর ২০ হাজারের বেশি নাবিক ও মেরিন এবং শত শত বিমান থাকতে পারে।
এদিকে ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থাও চলছে। রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ানোর খবরের মধ্যেই ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
অন্যদিকে, ইসরায়েলগামী একটি ফ্লাইদুবাই বিমানের ঘটনায় ইরানের সম্ভাব্য সম্পৃক্ততার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ ঘটনায় ইরানের সংশ্লিষ্টতার কোনো প্রমাণ এখনো প্রকাশ্যে আসেনি এবং তদন্ত চলছে।
মধ্যপ্রাচ্যে নতুন করে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানোর এই পদক্ষেপকে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: আল-জাজিরা
