‘ইরানের বিরুদ্ধে হামলার অজুহাত তৈরিতে বিমান ছিনতাইয়ের নাটক’: প্রেস টিভি
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৩:০৯ পিএম
ছবি: সংগৃহীত
ইরানের বিরুদ্ধে নতুন করে হামলার অজুহাত তৈরি করতে সংযুক্ত আরব আমিরাত থেকে ইসরায়েলগামী ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজে ‘বিমান ছিনতাইয়ের নাটক’ সাজানোর চেষ্টা করা হয়েছিল বলে দাবি করেছে ইরানি সংবাদমাধ্যম প্রেস টিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি ‘ফলস ফ্ল্যাগ’ অভিযান হতে পারে। এর মাধ্যমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের ওপর থেকে সমালোচনার চাপ কমানো, আসন্ন নির্বাচনে তার অবস্থান শক্তিশালী করা এবং ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপের পরিবেশ তৈরির চেষ্টা করা হয়েছিল বলে দাবি করা হয়।
গত বুধবার দুবাই থেকে তেলআবিবগামী ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজটিতে ১৭৪ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ২৭ জন শিশু। উড্ডয়নের পর বিমানটি ৩৪ হাজার ফুট উচ্চতা থেকে মাত্র দুই মিনিটের ব্যবধানে প্রায় ১৭ হাজার ফুট নিচে নেমে আসে।
পরে জানা যায়, উড়োজাহাজটির কো-পাইলট ক্যাপ্টেনের ওপর হামলা করে বিমানটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছিলেন। একপর্যায়ে একজন অফ-ডিউটি পাইলট নিয়ন্ত্রণ নেন এবং বিমানটি সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
প্রেস টিভির প্রতিবেদনে দাবি করা হয়, ঘটনার কয়েক দিন আগে নেতানিয়াহু সংযুক্ত আরব আমিরাতে অত্যন্ত গোপন সফর করেছিলেন। এর দুদিন পরই বিমানটিতে হামলার ঘটনা ঘটে। তবে ওই সফরের সঙ্গে বিমানটির ঘটনার কোনো যোগসূত্রের স্বাধীনভাবে নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি।
ঘটনার পর নেতানিয়াহু ও ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এটিকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে উল্লেখ করেন। নেতানিয়াহু ঘটনাটিকে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার সঙ্গেও তুলনা করেন।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ‘ফলস ফ্ল্যাগ’ তত্ত্ব এবং ইসরায়েলি নেতৃত্বের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েল। অস্ট্রেলিয়ায় অবস্থিত ইসরায়েলি দূতাবাস এ ধরনের অভিযোগকে ইহুদিবিদ্বেষী বক্তব্য হিসেবে অভিহিত করেছে।
বিমানটির ঘটনায় এখন পর্যন্ত কোনো রাষ্ট্রীয় সংশ্লিষ্টতার প্রমাণ প্রকাশ্যে আসেনি। কো-পাইলটের হামলার উদ্দেশ্য ও ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে।