আল-আকসায় ইসরায়েলি বসতি স্থাপনকারীদের প্রবেশ, ফিলিস্তিনিদের বাধা
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১০:০০ এএম
ছবি: সংগৃহীত
অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে শত শত ইসরায়েলি বসতি স্থাপনকারী প্রবেশ করেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) ইহুদিদের ‘সুক্কত’ উৎসব উপলক্ষে ইসরায়েলি পুলিশের সুরক্ষায় তারা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে বলে ইসলামিক ওয়াক্ফ কর্তৃপক্ষ জানিয়েছে। একই সময়ে ফিলিস্তিনি মুসল্লিদের প্রবেশে বাধার অভিযোগ উঠেছে।
জেরুজালেমের ইসলামিক ওয়াক্ফের তথ্য অনুযায়ী, বুধবার প্রায় ৭০০ বসতি স্থাপনকারী ইসরায়েলি আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করে। তাদের নেতৃত্বে ছিলেন সাবেক ইসরায়েলি নেসেট সদস্য মোশে ফেইগলিন। সেখানে তারা ‘ফোর ক্যাটাগরিজ’সহ বিভিন্ন ইহুদি ধর্মীয় আচার পালন করেন।
আল-জাজিরা জানায়, বসতি স্থাপনকারীদের প্রবেশের সময় ইসরায়েলি পুলিশের নিরাপত্তা ছিল। অন্যদিকে, ফিলিস্তিনি মুসলিমদের আল-আকসায় প্রবেশে ইসরায়েলি বাহিনীর বিধিনিষেধ অব্যাহত ছিল বলে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সুক্কত উৎসব ২৬ সেপ্টেম্বর শুরু হয়ে ২ অক্টোবর পর্যন্ত চলবে। উৎসবকে কেন্দ্র করে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের প্রবেশের ঘটনা বেড়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
জেরুজালেম গভর্নরেটের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের শুরু থেকে আগস্টের শেষ পর্যন্ত ৪০ হাজার ৬৬১ জনের বেশি ইসরায়েলি বসতি স্থাপনকারী আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেছে। একই সময়ে প্রায় ৮০০ ফিলিস্তিনিকে মসজিদে প্রবেশ থেকে বিরত রাখার আদেশ দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
এর আগে মঙ্গলবারও ৯৬৬ জন বসতি স্থাপনকারী আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করেছিল বলে ইসলামিক ওয়াক্ফ ও ফিলিস্তিনি সূত্র জানিয়েছে। এ সময় তারা বিভিন্ন ধর্মীয় আচার ও প্রার্থনা পালন করে।
