EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

সিরিয়ায় বাসে বন্দুকধারীদের হামলা, প্রাণ গেল ৭ জনের

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ এএম

সিরিয়ায় বাসে বন্দুকধারীদের হামলা, প্রাণ গেল ৭ জনের

ছবি: সংগৃহীত

অ অ

সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় হোমস প্রদেশে একটি বেসামরিক বাসে বন্দুকধারীদের হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা।

বুধবার (৩০ সেপ্টেম্বর) মাসিয়াফ সেতু পার হওয়ার সময় অজ্ঞাত বন্দুকধারীরা বাসটিতে হামলা চালায়। বাসটিতে একটি প্রতিষ্ঠানের কর্মীরা কাজ শেষে বাড়ি ফিরছিলেন।

হামলার পর নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন হোমসের অভ্যন্তরীণ নিরাপত্তা প্রধান ব্রিগেডিয়ার জেনারেল বাসেম মুহাম্মদ শাবান।

তিনি বলেন, হোমস প্রদেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা হিসেবে হামলাটিকে দেখা হচ্ছে। হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানান তিনি।


এদিকে, বাসে হামলার কয়েক ঘণ্টা আগে রাজধানী দামেস্কের কাছে পূর্ব ঘৌতায় একটি গ্যাস পাইপলাইনে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর পাইপলাইনে আগুন ছড়িয়ে পড়ে।

গ্যাস সরবরাহে ঘাটতির কারণে দেশটির তিনটি বড় বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যায়। সিরিয়ার বিদ্যুৎ কোম্পানি জানিয়েছে, পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকায় দেইর আলি, আল-নাসিরিয়াহ ও তিশরিন বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে গেছে। তিশরিন বিদ্যুৎকেন্দ্রেও আগুন লাগার খবর পাওয়া গেছে।

এর মাত্র দুই দিন আগে পূর্ব সিরিয়ায় আরও একটি গ্যাস পাইপলাইনে নাশকতার ঘটনা ঘটেছিল বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

আরও পড়ুন