মালয়েশিয়া থেকে মিয়ানমারের দেড় হাজার নাগরিকের প্রত্যাবাসন শুরু
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ পিএম
মিয়ানমারের প্রায় দেড় হাজার নাগরিককে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) প্রত্যাবাসন কর্মসূচির প্রথম ধাপে ১ হাজার ৪৭৬ জনকে ফেরত পাঠানো হচ্ছে। বৃহত্তর একটি পরিকল্পনার আওতায় শেষ পর্যন্ত প্রায় ৫ হাজার মানুষকে মিয়ানমারে ফেরত পাঠানো হতে পারে।
মালয়েশিয়া জানিয়েছে, প্রত্যাবাসন সম্পূর্ণ স্বেচ্ছামূলক। তবে মিয়ানমারে চলমান গৃহযুদ্ধের মধ্যে ফেরত পাঠানো ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ও বিভিন্ন নাগরিক সংগঠন।
মঙ্গলবার সকালে মালয়েশিয়ার পেরাক রাজ্যের লুমুত নৌঘাঁটির কাছে একটি স্টেডিয়ামে নিরাপত্তা যানসহ কয়েক ডজন বাস পৌঁছায়। পরে বাসগুলো বন্দরের দিকে নিয়ে যাওয়া হয়। বন্দরে মিয়ানমারের নৌবাহিনীর দুটি জাহাজ ও একটি হাসপাতাল জাহাজ অবস্থান করছিল। তবে বাসগুলোতে কারা ছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র প্রত্যাবাসন প্রক্রিয়া শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজি হননি তিনি। এ বিষয়ে গত ২৭ আগস্ট প্রকাশিত মন্ত্রণালয়ের বিবৃতির প্রতি সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করেন।
ওই বিবৃতিতে বলা হয়, মিয়ানমার সরকারের মাধ্যমে শনাক্ত করা ১ হাজার ৪৭৬ জন নাগরিককে এই দফায় দেশে ফেরত পাঠানো হচ্ছে।
এ বিষয়ে মন্তব্য জানতে মিয়ানমার সরকারের মুখপাত্র ও কুয়ালালামপুরে দেশটির দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি।
মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় চলতি মাসে জানিয়েছে, যাচাইকৃত বাস্তুচ্যুত ব্যক্তিদের নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে স্বেচ্ছায় ফিরিয়ে নিতে বিভিন্ন দেশের সঙ্গে কাজ করছে।
তবে মিয়ানমারে এখনো সংঘাত ও নিরাপত্তাজনিত অনিশ্চয়তা থাকায় এই প্রত্যাবাসন নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ রয়েছে।
সূত্র: বিবিসি