EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

মিয়ানমারে সেনাবাহিনীর বিমান হামলায় ৩৩ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ পিএম

মিয়ানমারে সেনাবাহিনীর বিমান হামলায় ৩৩ জন নিহত

ছবি: সংগৃহীত

অ অ

মিয়ানমারের সংঘাতকবলিত রাখাইন রাজ্যে একটি বাজারের কাছে দেশটির সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত এবং আরও ৩৬ জন আহত হয়েছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাখাইনের নিয়ন্ত্রণকারী বিদ্রোহী গোষ্ঠী ও স্থানীয় এক ত্রাণকর্মীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

রাখাইনের কিয়াকতাও শহরে এই হামলা চালানো হয় বলে দাবি করেছে জান্তাবিরোধী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। স্থানীয় এক দাতব্য সংস্থার প্রধান ও ত্রাণকর্মী ওয়েই হুন অং-ও এই প্রাণহানির সংখ্যা নিশ্চিত করেছেন।

তিনি জানান, কিয়াকতাও শহরটি মূল যুদ্ধক্ষেত্র থেকে বেশ দূরে ছিল এবং চলমান সংঘাতের সঙ্গে এর সরাসরি কোনো সম্পর্ক ছিল না।

তবে রয়টার্স জানিয়েছে, বিমান হামলায় হতাহতের এই সংখ্যা স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি। এই বিষয়ে মিয়ানমার সরকারের মুখপাত্রের কোনো বক্তব্য পাওয়া যায়নি। যদিও এর আগে জান্তা সরকার দাবি করেছিল যে বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতি এড়াতে তারা সর্বোচ্চ সংযম দেখাচ্ছে।

গত বছরের ডিসেম্বরে রাখাইনের একটি হাসপাতালে বিমান হামলায় ৩০ জন নিহতের পর এটিই ওই অঞ্চলের সবচেয়ে ভয়াবহ ও প্রাণঘাতী হামলা।

২০২১ সালে অং সান সুচির নির্বাচিত সরকারকে হটিয়ে সামরিক জান্তা ক্ষমতা দখলের পর থেকেই মিয়ানমারে সংঘাত চলছে। বর্তমানে আরাকান আর্মিসহ একাধিক সশস্ত্র গোষ্ঠী দেশজুড়ে একাধিক যুদ্ধক্ষেত্রে সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন