EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

পাকিস্তানের আকাশসীমার অনুমতি না মেলায় আসেনি রূপপুরের জ্বালানি

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ এএম

পাকিস্তানের আকাশসীমার অনুমতি না মেলায় আসেনি রূপপুরের জ্বালানি

ছবি: সংগৃহীত

অ অ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য ইউরেনিয়াম জ্বালানি নিয়ে একটি কার্গো বিমান বাংলাদেশে আসার কথা ছিল গত ২৪ সেপ্টেম্বর। তবে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় নির্ধারিত সময়ে বিমানটি বাংলাদেশে আসতে পারেনি।

বিষয়টি নিশ্চিত করেছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে ফোনে তিনি জানান, পাকিস্তান কেন বিমানটিকে তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি, সে বিষয়ে বাংলাদেশ এখনো সুনির্দিষ্ট কোনো কারণ জানতে পারেনি।

তবে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, অক্টোবরের প্রথম সপ্তাহে ইউরেনিয়াম জ্বালানি বাংলাদেশে পৌঁছাতে পারে। 

জ্বালানি আসার জন্য ঢাকার বিমানবন্দরে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছিল বলে জানান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম। তিনি বলেন, কর্মকর্তারা চালানটির অপেক্ষায় ছিলেন।

পরে রূপপুর প্রকল্পে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রোসাটমের লিয়াজোঁ কর্মকর্তা বাংলাদেশকে জানান, আকাশসীমা ব্যবহারে জটিলতা তৈরি হয়েছে। এ কারণে নির্ধারিত সময়ে বিমানটি পাঠানো সম্ভব হয়নি। তবে কোন দেশ বা কর্তৃপক্ষের কারণে এই জটিলতা তৈরি হয়েছে, সে বিষয়ে বাংলাদেশ বিস্তারিত জানায়নি।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। পাবনার ঈশ্বরদীর পাকশী ইউনিয়নে পদ্মা নদীর তীরে এটি নির্মাণ করা হচ্ছে। রাশিয়ার রোসাটমের কারিগরি সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন।

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে দুটি ভিভিইআর-১২০০ প্রজন্ম-৩ পারমাণবিক চুল্লি রয়েছে। দুটি ইউনিট থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে।

এর আগে ২০২৩ সালের অক্টোবরে প্রথম ইউনিটের জন্য প্রথম দফায় স্বল্পমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম জ্বালানি বাংলাদেশে আনা হয়। ভারী কার্গো বিমানে করে জ্বালানি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর বিশেষ নিরাপত্তাব্যবস্থায় ‘গ্রিন করিডোর’ দিয়ে তা ঈশ্বরদীর রূপপুরে নেওয়া হয়।

দ্বিতীয় ইউনিটের জ্বালানিও একইভাবে বাংলাদেশে আনার প্রস্তুতি ছিল। কিন্তু আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় নির্ধারিত সময়ে চালানটি দেশে আনা সম্ভব হয়নি।

এ বিষয়ে রোসাটমের কাছে এএনআই ই-মেইলে জানতে চাইলেও প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত সংস্থাটির পক্ষ থেকে কোনো জবাব পাওয়া যায়নি।

আরও পড়ুন