EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

বেলুচিস্তানে অভিযানে ৭১ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ এএম

বেলুচিস্তানে অভিযানে ৭১ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের

ছবি: সংগৃহীত

অ অ

পাকিস্তানের বেলুচিস্তানে গত চার দিনে চালানো নিরাপত্তা অভিযানে ৭১ জন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। এসব অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধারের কথাও জানিয়েছে তারা।

রোববার (২৭ সেপ্টেম্বর) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বেলুচিস্তানের শাবান, জিয়ারাত, নুশকি ও ম্যান্ড এলাকায় গত ৯৬ ঘণ্টায় এসব অভিযান চালানো হয়।

পাকিস্তানের সামরিক বাহিনীর দাবি, নিহতদের মধ্যে ভারত-সমর্থিত আফগান প্রক্সি ও বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সদস্য রয়েছেন।

আইএসপিআরের তথ্য অনুযায়ী, ২১ সেপ্টেম্বর জিয়ারাত ও আশপাশের এলাকায় ‘অপারেশন শাবান’ শুরু হয়। সেখানে একাধিক কথিত সশস্ত্র গোষ্ঠীর আস্তানায় অভিযান চালিয়ে ৩৩ জন নিহত হয়েছেন বলে দাবি করা হয়। পরবর্তী ৭২ ঘণ্টায় অভিযানে আরও ২৩ জন নিহত হন। নুশকি ও ম্যান্ডে পৃথক দুটি অভিযানে আরও ১১ ও ৬ জন নিহত হওয়ার কথা জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী।

পাকিস্তানের সামরিক বাহিনী আরও দাবি করেছে, অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। তবে নিহতদের পরিচয় ও পাকিস্তানের দেওয়া এসব হিসাব স্বাধীনভাবে যাচাই করা হয়েছে কি না, তা প্রতিবেদনে নিশ্চিত করা হয়নি।

এদিকে পাকিস্তানের এসব দাবির পাশাপাশি আফগানিস্তানের সঙ্গে দেশটির পাল্টাপাল্টি অভিযোগও সামনে এসেছে। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তান থেকে একটি সশস্ত্র দল সীমান্ত পেরিয়ে নুরিস্তানে প্রবেশের পর তাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২৮ জনকে হত্যা এবং ৩২ জনকে আহত করা হয়েছে।

আফগানিস্তানের দাবি, নিহতদের মধ্যে ইসলামিক স্টেটের সদস্য এবং সাবেক আফগান নিরাপত্তা বাহিনীর সদস্য ছিলেন। তাদের পাকিস্তানি পক্ষের সহযোগিতা ছিল বলেও অভিযোগ করেছে কাবুল।

তবে আফগানিস্তানের এসব অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। দেশটির তথ্য মন্ত্রণালয় বলেছে, নুরিস্তানের সংঘর্ষে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী বা গোয়েন্দা সংস্থার সম্পৃক্ততার অভিযোগ ‘ভিত্তিহীন’।

পাকিস্তান আরও দাবি করেছে, আফগানিস্তানে সক্রিয় কোনো সশস্ত্র গোষ্ঠীকে তারা সহায়তা করছে না।

পাকিস্তান দীর্ঘদিন ধরে আফগানিস্তানের তালেবান সরকারের বিরুদ্ধে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সদস্যদের আশ্রয় ও পাকিস্তানের বিরুদ্ধে হামলার সুযোগ দেওয়ার অভিযোগ করে আসছে। কাবুল এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

সাম্প্রতিক সময়ে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্তপারের হামলা ও সামরিক অভিযান নিয়ে উত্তেজনা বেড়েছে। এর মধ্যেই বেলুচিস্তানে পাকিস্তানের নতুন অভিযান এবং নুরিস্তানে আফগান বাহিনীর পাল্টা অভিযানের তথ্য প্রকাশ্যে এসেছে।

সূত্র: দ্য ডন

আরও পড়ুন