EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

ভারত-নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে ৭০

নেপালে আরও আকস্মিক বন্যার আশঙ্কায় ৪৯টি জেলায় সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ পিএম

ভারত-নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে ৭০

নেপালের নুয়াকোট জেলার দেভিঘাটে তাদি নদীর তীব্র স্রোতে ঘরবাড়িতে জমেছে কাদা ও পলিমাটি। ছবি: এএফপি

অ অ

ভারত-নেপালে ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসে অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে। ভারতে মারা গেছেন ৫৬ জন, আহত হয়েছেন ৪৬ জন। নেপালে মারা গেছেন ১৪ জন, নিখোঁজ রয়েছেন আরও ১১ জন। দুই দেশেই বিভিন্ন নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে।

রয়টার্স জানিয়েছে, নেপালে আরও আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে। এই আশঙ্কায় নেপালের কর্তৃপক্ষ সতর্কতা জারি করেছে। দেশটির ৭৭টি জেলার মধ্যে ৪৯টিতে আকস্মিক বন্যার সতর্কতা রয়েছে। প্রধান নদী ও উপনদীগুলোর পানি বাড়তে থাকায় অর্ধেকেরও বেশি জেলা উচ্চ বন্যা বা আকস্মিক বন্যার ঝুঁকিতে আছে।

ভারতে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে উত্তরপ্রদেশে। রাজ্যটিতে ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর সকালের মধ্যে ৬৬.৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। রাজ্যের ত্রাণ কমিশনার হৃষিকেশ ভাস্কর যশোদ জানিয়েছেন, এই সময়ে স্বাভাবিক বৃষ্টিপাত থাকে মাত্র ৭.৬ মিলিমিটার। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে এক হাজারেরও বেশি বাড়িঘর।

ভারতীয় কর্তৃপক্ষ জলমগ্ন এলাকায় উদ্ধার অভিযান চালাচ্ছে এবং ত্রাণ বিতরণ করছে। কর্মকর্তাদের ফসলের ক্ষয়ক্ষতি নিরূপণ ও ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। ভারতের কেন্দ্রীয় পানি কমিশন জানিয়েছে, সাতটি রাজ্য জুড়ে ৩০টি নদী পর্যবেক্ষণ স্টেশন "গুরুতর পরিস্থিতি" নির্দেশ করছে। গঙ্গা, গণ্ডক, কোসি, বাগমতি ও নর্মদাসহ বেশ কয়েকটি প্রধান নদী বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র শান্তি মাহাত বলেন, গত মাসের ভয়াবহ বন্যায় রাসুয়া ও নুয়াকোট এলাকায় ১ হাজার ৪৫০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছিলেন। সেখানকার হাজারো মানুষ এখনও নিখোঁজ। তিনি ওই এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলেছেন, যদিও এলাকাগুলোকে এখন উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে না।

নেপালের জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, মাঝাং, মুস্তাং, মিয়াগদি ও বাগলুং জেলায় বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে। কর্তৃপক্ষ বিদ্যুৎ পুনরুদ্ধারের কাজ করছে। দেশটির পানি সম্পদ ও জ্বালানি মন্ত্রী বিরাজ ভক্ত শ্রেষ্ঠ জানিয়েছেন, রাহুগঙ্গা নদীর বন্যায় একটি ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ প্রকল্পের কাঠামো ও ট্রান্সমিশন লাইন টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে।

নেপালের যোগাযোগ মন্ত্রী বিক্রম তিমিলসিনহা বলেন, অপটিক্যাল ফাইবার ও বিদ্যুৎ সরবরাহ ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্যা ও ভূমিধসের কারণে দেশটির টেলিযোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হয়েছে।

আরও পড়ুন