পাকিস্তানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী হামলা, নিহত ১১
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পিএম
ছবি: সংগৃহীত
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে চোরাচালানবিরোধী একটি তল্লাশি চৌকিতে বিস্ফোরকভর্তি গাড়ি দিয়ে আত্মঘাতী হামলা হয়েছে। এতে নারী ও দুই বছরের এক শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩০ জনের বেশি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ডেরা ইসমাইল খান (ডিআই খান) জেলার দারাজান্দা এলাকায় ডিআই খান-কোয়েটা সড়কের আমান মেলা পুলিশ চেকপয়েন্টে এ হামলা হয়। স্থানীয় সূত্রের বরাত দিয়ে জিও নিউজ জানিয়েছে, বিস্ফোরকভর্তি একটি গাড়ি তল্লাশি চৌকিতে ধাক্কা দেওয়ার পর শক্তিশালী বিস্ফোরণ ঘটে।
নিহত ব্যক্তিদের মধ্যে ৬ জন পুলিশ সদস্য ও দুজন কাস্টমস কর্মকর্তা রয়েছেন। আহতদের মধ্যে পুলিশ ও কাস্টমস কর্মকর্তার পাশাপাশি সাধারণ নাগরিকও রয়েছেন। আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
হামলার দায় এখন পর্যন্ত কোনো সংগঠন স্বীকার করেনি। নিরাপত্তা সূত্রগুলো বলছে, হামলার ধরন ও লক্ষ্যবস্তু সন্ত্রাসী ও অপরাধী চক্রের সম্ভাব্য যোগসাজশের ইঙ্গিত দিতে পারে।
হামলার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানের দৃঢ় সংকল্প দুর্বল করা যাবে না।
এর আগে গত সপ্তাহে খাইবার পাখতুনখোয়ার কোহাট পুলিশ লাইন্সে আত্মঘাতী হামলায় ২২ জন নিহত ও ১০৩ জন আহত হন। ফলে প্রদেশটিতে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক হামলা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
সূত্র: জিও নিউজ