প্রথম যৌথ অভিযানে রুশ সামরিক বিমান আটকে দিল সুইডেন ও ফিনল্যান্ড
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ এএম
ফিনল্যান্ড উপসাগরের আন্তর্জাতিক আকাশসীমায় রাশিয়ার সামরিক বিমান আটকে দিয়েছে সুইডেন ও ফিনল্যান্ডের যুদ্ধবিমান। আন্তর্জাতিক আকাশে উড়তে থাকা রুশ বিমান শনাক্ত করতে গত বৃহস্পতিবার যৌথভাবে এই অভিযান চালানো হয়। দুই নরডিক প্রতিবেশীর এটাই প্রথম যৌথ সামরিক অভিযান।
ফিনল্যান্ডের বিমানবাহিনী জানায়, তারা একটি পরিবহন বিমানসহ বেশ কয়েকটি রুশ সামরিক বিমান ট্র্যাক ও শনাক্ত করেছে। পুরো অভিযানটির নেতৃত্বে ছিল ফিনল্যান্ড। এতে দুই দেশের 'কুইক রিয়্যাকশন অ্যালার্ট' ব্যবস্থা ব্যবহার করা হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন জানান, এই অভিযান দুই দেশের যৌথ আকাশসীমা সুরক্ষার দক্ষতা প্রমাণ করেছে। তিনি একে নরডিক ও ন্যাটো জোটের সামরিক প্রস্তুতির বড় উদাহরণ হিসেবে উল্লেখ করেন।
২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর থেকে বাল্টিক সাগর অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে। সম্প্রতি গ্যাস পাইপলাইনে গোলযোগ, আকাশসীমা লঙ্ঘন ও ঘনঘন ড্রোন দেখার কারণে পুরো এলাকা উচ্চ সতর্কতায় রয়েছে।
তবে এ বিষয়ে স্টকহোম ও হেলসিঙ্কিতে থাকা রুশ দূতাবাস এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি।
ইউক্রেন যুদ্ধের পর সামরিক নিরপেক্ষতার পথ থেকে সরে এসে ন্যাটোতে যোগ দেয় সুইডেন ও ফিনল্যান্ড। ওই অঞ্চলে তাদের প্রতিবেশী ডেনমার্ক, নরওয়ে, আইসল্যান্ড এবং বাল্টিক তিন দেশ আগে থেকেই ন্যাটোর সদস্য।