হোয়াইট হাউসে ট্রাম্প-শি জিন পিং বৈঠক, আলোচনায় নিরাপত্তা, বাণিজ্য, প্রযুক্তি
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ এএম
ছবি: সংগৃহীত
হোয়াইট হাউসে রুদ্ধদ্বার দ্বিপক্ষীয় বৈঠক শুরু করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিন পিং। তিনটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে রেখে ওয়াশিংটন সফরে গেছেন চীনা প্রেসিডেন্ট।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রুদ্ধদ্বার বৈঠকের আলোচনায় গুরুত্ব পাচ্ছে নিরাপত্তা, বাণিজ্য ও প্রযুক্তি। এর পাশাপাশি বিভিন্ন আনুষঙ্গিক বিষয় নিয়েও দুই নেতার মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে।
বৈঠকের আগে সামরিক অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে একটি বি-২ স্টেলথ বোমারু বিমান এবং এফ-২২ সদৃশ কয়েকটি যুদ্ধবিমান উড়ানো হয়। এ সময় সামরিক ব্যান্ড সংগীত পরিবেশন করা হয় এবং যুক্তরাষ্ট্র ও চীনের পতাকা পর্যায়ক্রমে প্রদর্শন করা হয়।
হোয়াইট হাউসের ওভাল অফিসে দুই নেতার সঙ্গে যোগ দেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং চীনের ফার্স্ট লেডি পেং লিইউয়ান। প্রথমে ট্রাম্প ও শি একান্ত বৈঠকে বসেন। পরে দুই দেশের প্রতিনিধিদলকে সঙ্গে নিয়ে তারা হোয়াইট হাউসের ক্যাবিনেট রুমে আনুষ্ঠানিক আলোচনায় অংশ নেন।
আনুষ্ঠানিক বৈঠকের আগে ট্রাম্প বলেন, দুই দেশ ‘আরও ভারসাম্যপূর্ণ বাণিজ্যিক সম্পর্ক’ গড়ে তুলতে কাজ করছে। এর মাধ্যমে মার্কিন কৃষক ও খামারিদের নতুন বাজারে প্রবেশের সুযোগ তৈরি হবে বলেও জানান তিনি।
ট্রাম্প আরও বলেন, বৈঠকে ‘নিরাপত্তা, প্রযুক্তি ও সুপারইন্টেলিজেন্স-সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়’ নিয়েও আলোচনা হবে।
অন্যদিকে শি জিন পিং বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে আরও জোরালো যোগাযোগের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দুই পক্ষ ‘খোলামেলা, গভীর ও ধারাবাহিক সংলাপের মাধ্যমে অভিন্ন জায়গা খুঁজে বের করতে এবং পারস্পরিক আস্থা গড়ে তুলতে’ পারে।
পররাষ্ট্রনীতি, অর্থনীতি ও আইন প্রয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে দুই সরকারের মধ্যে যোগাযোগ আরও বাড়ানোরও আহ্বান জানান তিনি।
রুদ্ধদ্বার বৈঠকের পর ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিন পিং ও তার স্ত্রী পেং লিইউয়ানকে রাষ্ট্রীয় নৈশভোজে আতিথেয়তা করার কথা রয়েছে।
এদিকে ট্রাম্প ও শি বৈঠকে ব্যস্ত থাকার সময় মেলানিয়া ট্রাম্প পেং লিইউয়ানকে নিয়ে ন্যাশনাল মিউজিয়াম অব এশিয়ান আর্ট পরিদর্শনে যান।
ট্রাম্প ও শি জিন পিংয়ের এই বৈঠক এমন এক সময়ে হচ্ছে, যখন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধে রয়েছে এবং রাশিয়া-ইউক্রেন সংঘাতও অব্যাহত রয়েছে।
তিন দিনের রাষ্ট্রীয় সফরে বুধবার যুক্তরাষ্ট্রে পৌঁছান শি জিন পিং। এক দশকেরও বেশি সময়ের মধ্যে এটিই তার প্রথম যুক্তরাষ্ট্র সফর। ১৯৭৯ সালে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর শিই প্রথম চীনা নেতা, যিনি যুক্তরাষ্ট্রে দ্বিতীয়বার রাষ্ট্রীয় সফরে গেলেন।
২০১৫ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রথম রাষ্ট্রীয় সফরে শি জিন পিংকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানান এবং সফরের আয়োজন করেন। শি জিন পিংয়ের এবারের সফরের আগে গত মে মাসে চীন সফরে গিয়েছিলেন ট্রাম্প। ওই সফরে দুই পক্ষ ‘কৌশলগত স্থিতিশীলতার ভিত্তিতে গঠনমূলক চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক গড়ে তোলার নতুন রূপরেখা’ নিয়ে একমত হয়েছিল।