চরম আর্থিক বিপর্যয়ে বিবিসি: বিলুপ্ত হচ্ছে ২০০০ পদ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পিএম
ছবি: বিবিসি। সংগৃহীত
গত ১৫ বছরের মধ্যে সবচেয়ে বড় কর্মী ছাঁটাইয়ের প্রচেষ্টা শুরু হয়েছে ব্রিটিশ গণমাধ্যম প্রতিষ্ঠান বিবিসি কর্পোরেশনে। কারণ বর্তমানে মারাত্মক আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বিবিসি। আগামী ২ বছরের মধ্যে মোট ৫০ কোটি পাউন্ড সাশ্রয়ের লক্ষ্যে প্রায় ২০০০ পদ কমানো হবে।
প্রতিষ্ঠানটির আর্থিক বিপর্যয়ের তথ্য প্রকাশের পরই চাকরি ছাঁটাই ও পদ বিলুপ্তের নতুন পদক্ষেপগুলো সামনে এলো।
ব্রিটিশ গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্টে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, এই আর্থিক সংকটের কারণেই টেলিভিশন অনুষ্ঠান বন্ধ করা এবং নতুন কনটেন্ট তৈরির খরচ সীমিত করার মতো সিদ্ধান্ত নিতে হচ্ছে। এই সামগ্রিক ছাঁটাইয়ের মধ্যে ৫৫০টি পদ হ্রাস পাবে বিবিসি নিউজ এবং টেলিভিশন ও রেডিও পরিচালনা শাখা থেকে।
কর্মীদের কাছে পাঠানো এবং প্রেস অ্যাসোসিয়েশনের হাতে আসা একটি অভ্যন্তরীণ মেমোতে দেখা যায়, চিফ কনটেন্ট অফিসার কেট ফিলিপস ২০২৭ থেকে ২০২৮ অর্থবছর নাগাদ অনুষ্ঠান নির্মাণের বাজেট থেকে ৮ কোটি পাউন্ড কমানোর প্রস্তাব দিয়েছেন।
তিনি কর্মীদের সতর্ক করে বলেছেন যে, চলতি অর্থবছরের শেষ নাগাদ শুধুমাত্র কনটেন্ট বিভাগ থেকেই প্রায় ১০০টি পদ বিলুপ্ত হতে পারে। এই কর্মী ছাঁটাই প্রক্রিয়াটি সম্প্রচার সংস্থাটির একটি বৃহত্তর পরিকল্পনার অংশ। যার অধীনে দুই বছরে মোট ৫০ কোটি পাউন্ড কার্যদক্ষতা সাশ্রয়ের লক্ষ্যে পুরো প্রতিষ্ঠান থেকে প্রায় ২ হাজারটি পদ কমানো হবে।
ক্রীড়া (স্পোর্টস) বিভাগ থেকে ৪১টি পদ বিলুপ্ত করতে যাচ্ছে বিবিসি। এটি পুরো প্রতিষ্ঠানজুড়ে নেওয়া ব্যাপক ব্যয়-সংকোচন পদক্ষেপের অংশ। তবে এর পাশাপাশি পাঁচটি নতুন পদও চালু করা হচ্ছে। যার ফলে সব মিলিয়ে ৩৬টি চাকরি কমবে।
এই কর্মী ছাঁটাই প্রক্রিয়াটি পরিচালনার জন্য সংস্থাটি একটি স্বেচ্ছামূলক অবসর প্রক্রিয়া চালু করেছে, যাতে এই পথেই সম্ভাব্য সর্বাধিক সংখ্যক কর্মীকে বিদায় দেওয়া যায়।
ডিরেক্টর-জেনারেল ম্যাট ব্রিটিন আশা করছেন যে এর মাধ্যমে প্রায় ১৬ কোটি পাউন্ড সাশ্রয় করা সম্ভব হবে।
গত জুন মাসে ব্রিটিন কর্মীদের কাছে পাঠানো একটি ইমেইলে তিনি বলেছিলেন, ‘এই বিপুল পরিমাণ সাশ্রয়ের জন্য কঠিন সিদ্ধান্ত নেওয়া এবং অত্যন্ত সতর্কতার সাথে কাজ করা প্রয়োজন, যা একবারে করা সম্ভব নয়। আপনাদের বিভাগে কোনো পরিকল্পনা চূড়ান্ত হওয়া মাত্রই আমরা আপনাদের তা জানানোর বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। সব বিভাগকেই উল্লেখযোগ্য পরিমাণ ব্যয় সংকোচন করতে হবে।’
বিবিসি অত্যন্ত অনিশ্চিত একটি সময়ে বাস করছে উল্লেখ করে ব্রিটিন বলেন, আমাদের দর্শকেরা বিশ্বকে বুঝতে, বিনোদিত হতে এবং তথ্য জানতে প্রতিদিন আমাদের ওপর নির্ভর করেন। আমাদের মূল লক্ষ্য বা মিশন বজায় রেখে এই বিপুল অর্থ সাশ্রয় করা যা সবার জন্যই দ্বিগুণ কঠিন একটি সময়। এরই মধ্যে আপনারা যা কিছু করছেন, তার জন্য আপনাদের ধন্যবাদ।”
গুগলের এই সাবেক নির্বাহী আরও যোগ করেন যে, বিবিসিকে “আরও সহজ ও গতিশীল” করতে উচ্চ পর্যায়ের নেতৃত্ব বা সিনিয়র লিডারশিপ পদগুলো অন্তত ১০ শতাংশ কমানো হবে।