EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

সিএনএনসহ ৩ সংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে প্রবেশের নির্দেশ আদালতের

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পিএম

সিএনএনসহ ৩ সংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে প্রবেশের নির্দেশ আদালতের

ছবি: সংগৃহীত

অ অ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে সিএনএন, এমএস নাও ও পলিটিকোর সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশের অনুমতি পুনর্বহালের নির্দেশ দিয়েছেন মার্কিন ফেডারেল আদালত। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিচারক টিমোথি কেলি এ আদেশ দেন।

আদালত তিন সংবাদমাধ্যমের সাংবাদিকদের প্রেস পাস অবিলম্বে ফিরিয়ে দিতে এবং আগামী ১৪ দিনের জন্য নিষেধাজ্ঞা কার্যকর না করতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।

বিচারক কেলি পর্যবেক্ষণে বলেন, সংবাদমাধ্যমগুলোর ওপর নিষেধাজ্ঞার সিদ্ধান্ত অসাংবিধানিক। সাংবাদিকদের প্রেস পাস বাতিলের আগে যথাযথ নোটিশ ও নিজেদের বক্তব্য তুলে ধরার সুযোগ দেওয়া হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

গত ১৮ সেপ্টেম্বর ট্রাম্প সিএনএন, এমএস নাও ও পলিটিকোর সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশে নিষেধাজ্ঞা দেন। এরপর তিন সংবাদমাধ্যম আদালতের দ্বারস্থ হয়।

ট্রাম্প প্রশাসন নিষেধাজ্ঞার পক্ষে জাতীয় নিরাপত্তার যুক্তি দিয়েছিল। তবে বিচারক বলেন, প্রেস পাস বাতিল করলে জাতীয় নিরাপত্তা রক্ষা হবে—এমন প্রমাণ আদালতের সামনে উপস্থাপন করা হয়নি। একইভাবে, সাংবাদিকদের প্রবেশাধিকার ফিরিয়ে দিলে জাতীয় নিরাপত্তা ঝুঁকিতে পড়বে—এমন প্রমাণও পাওয়া যায়নি।

এর আগে ট্রাম্প ওই তিন সংবাদমাধ্যমের বিরুদ্ধে তার প্রশাসন নিয়ে ‘ভুয়া’ ও ‘মনগড়া’ প্রতিবেদন প্রকাশের অভিযোগ তুলেছিলেন। পরে তিনি ওয়াশিংটন পোস্ট ও নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেন।

আদালতের এই আদেশ আপাতত ১৪ দিনের জন্য কার্যকর থাকবে। এর মধ্যে মামলার পরবর্তী শুনানি ও আইনি কার্যক্রম চলবে।

আরও পড়ুন