EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির প্রথম মহাসচিব পাকিস্তানের নোমান মাহমুদ

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ পিএম

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির প্রথম মহাসচিব পাকিস্তানের নোমান মাহমুদ
অ অ

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যকার ত্রিপক্ষীয় ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির’ প্রথম মহাসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন পাকিস্তানের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নোমান মাহমুদ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত জোটের সাধারণ সচিবালয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন নোমান মাহমুদ।

নোমান মাহমুদ ১৯৮৭ সালে পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। দীর্ঘ সামরিক জীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা এই কর্মকর্তা ২০২৩ সালে অবসর নেন। এর আগে ২০২১ সালের নভেম্বর থেকে ২০২৩ সালের এপ্রিল পর্যন্ত পাকিস্তানের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

গত আগস্টে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে’ স্বাক্ষর করেন।

চুক্তির মূল লক্ষ্য হলো তিন দেশের মধ্যে যৌথ প্রতিরোধব্যবস্থা জোরদার করার পাশাপাশি নিরাপত্তা, শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি নিশ্চিত করা।

চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হলো—স্বাক্ষরকারী দেশগুলোর যেকোনো একটির ওপর কোনো ধরনের আক্রমণ হলে তা সব সদস্য দেশের ওপর আক্রমণ হিসেবে বিবেচিত হবে।

রিয়াদে জোটের সাধারণ সচিবালয় স্থাপনের মাধ্যমে তিন দেশের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার প্রাতিষ্ঠানিক কাঠামো আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন