EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডবে নিহত ২

সরিয়ে নেওয়া হয়েছে ১৬ লাখের বেশি মানুষ

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ পিএম

জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডবে নিহত ২
অ অ

শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’-এর প্রভাবে জাপানের রাজধানী টোকিওসহ বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। এতে এখন পর্যন্ত দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুর্যোগের ঝুঁকি বিবেচনায় ১৬ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

সোমবার (২১ সেপ্টেম্বর) টোকিওর কাছাকাছি কাতসুরা এলাকার প্রায় ৮০ মাইল দক্ষিণে অবস্থান করছিল টাইফুনটি। এ সময় ঝড়টির বাতাসের সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় প্রায় ১৪৪ কিলোমিটার। ঝড়ের প্রভাবে জাপানের বিভিন্ন এলাকায় হাজার হাজার বাড়িঘর বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, টাইফুনের কারণে জাপান এয়ারলাইনসের ১৩৫টি এবং অল নিপ্পন এয়ারওয়েজের ১৪০টি ফ্লাইট বাতিল করা হয়। এতে বিমানবন্দরে শত শত যাত্রী আটকা পড়েন। টোকিও ও ওসাকার মধ্যকার রুটের বুলেট ট্রেনসহ বেশ কয়েকটি রেল পরিষেবাও বন্ধ রাখা হয়।

ভারী বৃষ্টিতে টোকিওর পূর্বে ইচিকাওয়া এবং জনপ্রিয় পর্যটনকেন্দ্র কামাকুরার বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে যায়। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিশ্বখ্যাত টোকিও গেম শো নির্ধারিত সময়ের আগেই বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়া বেশ কিছু আউটডোর কনসার্ট ও ক্রীড়া আয়োজন বাতিল করা হয়েছে।

জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোরের দিকে টাইফুনটি উপকূল অতিক্রম করে কিছুটা দুর্বল হয়ে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়েছে।

তবে ঝুঁকি এখনো কাটেনি। জেএমএ সতর্ক করেছে, টাইফুনের প্রভাবে কিছু এলাকায় সেপ্টেম্বর মাসের স্বাভাবিক গড় বৃষ্টিপাতের রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। এতে বন্যা ও ভূমিধসের আশঙ্কা রয়েছে।

জাপানে চলতি বছর আঘাত হানা ২৫তম টাইফুন হলো ‘দুজুয়ান’।

আরও পড়ুন