হুথিদের অস্ত্র দেওয়া বন্ধ করতে ইরানকে জি-৭-এর আহ্বান
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পিএম
ছবি: সংগৃহীত
ইয়েমেনের হুথিদের অস্ত্র ও অন্যান্য সহায়তা দেওয়া বন্ধ করতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে শিল্পোন্নত সাত দেশের জোট জি-৭। একই সঙ্গে সৌদি আরবে হুথিদের হামলাকে ‘অগ্রহণযোগ্য’ উল্লেখ করে গোষ্ঠীটির সামরিক তৎপরতা, হুমকি ও বেসামরিক জাহাজে হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে জোটটি।
সোমবার (২১ সেপ্টেম্বর) জি-৭-এর অন্তর্ভুক্ত রাষ্ট্র কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান।
জি-৭ বলেছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী ইরানকে হুথিদের অস্ত্র সরবরাহ ও অন্যান্য সহায়তা বন্ধ করতে হবে। জোটের ভাষ্য, ইরানের এই সহায়তা মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য ঝুঁকি তৈরি করছে।
বিবৃতিতে হুথিদের উদ্দেশে সব ধরনের সামরিক কর্মকাণ্ড, হুমকি এবং বেসামরিক জাহাজে হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ইয়েমেন সংঘাতে জড়িত সব পক্ষকে সৎ উদ্দেশ্যে রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরে আসার তাগিদ দিয়েছে জি-৭।
এদিকে ইয়েমেনে চলমান সংঘাতের কারণে নতুন করে এক লাখ ৩০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। হাজার হাজার মানুষ সমুদ্রপথে জিবুতিতে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। এতে দেশটির আগে থেকেই নাজুক মানবিক পরিস্থিতি আরও সংকটপূর্ণ হয়ে উঠেছে।
হুথিদের হামলা মোকাবিলায় সৌদি আরবকে প্রতিরক্ষামূলক সহায়তার আশ্বাস দিয়েছে যুক্তরাজ্য ও ফ্রান্স। যুক্তরাজ্য সৌদি যুদ্ধবিমানকে আকাশে জ্বালানি সরবরাহসহ সীমিত প্রতিরক্ষামূলক সহায়তার কথা জানিয়েছে। অন্যদিকে সৌদির গুরুত্বপূর্ণ স্থাপনা ও জ্বালানি অবকাঠামোর নিরাপত্তায় প্রতিরক্ষামূলক সহায়তার প্রস্তুতির কথা জানিয়েছে ফ্রান্স।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে জি-৭-এর এই বিবৃতি এলো। ইয়েমেনে হুথিদের সাম্প্রতিক তৎপরতা ও সৌদি আরবে হামলা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগের পাশাপাশি লোহিত সাগর ও আশপাশের গুরুত্বপূর্ণ নৌপথের নিরাপত্তা নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।