ইরান নিয়ে চীনের সঙ্গে গোপন আলোচনা? যা বললেন মার্কিন অর্থমন্ত্রী
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ এএম
ছবি: সংগৃহীত
ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে দেশটির পরিস্থিতি নিয়ে চীনের কর্মকর্তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তবে এই আলোচনা গোপন ছিল কি না, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।
সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বেসেন্ট বলেন, ইরান নিয়ে চীনের কর্মকর্তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা হয়েছে। এ বিষয়ে চীন সক্রিয়ভাবে যুক্ত রয়েছে বলেও জানান তিনি। তবে ইরানকে ঘিরে চলমান উত্তেজনা আর কতদিন স্থায়ী হবে, সে বিষয়ে কোনো সময়সীমা দিতে পারেননি।
এদিকে বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকে বিশ্বজুড়ে ইরানের সঙ্গে বিমান চলাচল বন্ধ হয়ে যেতে পারে বলে জানিয়েছেন বেসেন্ট। ইরানের সঙ্গে বিমান চলাচলের বিষয়ে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় এরই মধ্যে বেশ কিছু অনুমতি বাতিল করেছে। এর মধ্যে ইরানের আকাশসীমা ব্যবহার করে অন্য দেশের বিমান চলাচলের অনুমতিও রয়েছে।
এ ছাড়া বেসামরিক বিমান, জ্বালানি সরবরাহ ও জরুরি মেরামতের সঙ্গে সংশ্লিষ্ট কিছু লেনদেনের অনুমতিও বাতিল করা হয়েছে। পুরোনো এসব অনুমতির আওতায় থাকা কিছু কার্যক্রম বন্ধের জন্য ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
এ পরিস্থিতিতে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় ইরানের বিমান সংস্থাগুলো আরও সমস্যায় পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এর আগে ইরান ইরাককে জানিয়েছিল, মঙ্গলবার থেকে কয়েক দিনের জন্য সব দেশ থেকে আসা ফ্লাইট গ্রহণ বন্ধ করতে পারে তারা। তবে ইরাকের বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছিল, তখন পর্যন্ত এ বিষয়ে তারা কোনো আনুষ্ঠানিক নোটিশ পায়নি।
সূত্র: শাফাক নিউজ