তেহরানের আকাশে রহস্যময় আলো নিয়ে নতুন জল্পনা
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ পিএম
ইরানের রাজধানী তেহরানের আকাশে আবারও রহস্যময় উড়ন্ত বস্তুর উপস্থিতি নিয়ে আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে আকাশে উজ্জ্বল ও বহুরঙা আলো জ্বলতে থাকা একটি বস্তু নিচু উচ্চতায় উড়ছে বা ভেসে রয়েছে।
এক্সে (সাবেক টুইটার) ছড়িয়ে পড়া একটি পোস্টে দাবি করা হয়েছে, ঘটনাটি তেহরানের আজাদেগান এক্সপ্রেসওয়ের কাছাকাছি এলাকায় ঘটেছে। তবে ভিডিওগুলোর অবস্থান, সময় ও বস্তুর প্রকৃত পরিচয় স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এখন পর্যন্ত ইরান সরকার বা দেশটির সামরিক কর্তৃপক্ষ ওই বস্তুর পরিচয় নিয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। এটিকে কোনো নিরাপত্তা হুমকি বলেও ঘোষণা করা হয়নি। বস্তুর উচ্চতা, গতি বা আকার সম্পর্কেও নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।
মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান সামরিক ও রাজনৈতিক উত্তেজনার মধ্যে এ ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
২০ সেপ্টেম্বর ইরানের সামরিক বাহিনী সতর্ক করে বলেছে, দেশটির ওপর হামলা হলে অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটি ও স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোতে পাল্টা আঘাত হানা হবে। একই সময়ে সম্ভাব্য আকাশসীমা বন্ধ ও ফ্লাইট বাতিলের ঝুঁকির কথা উল্লেখ করে ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
সামাজিক যোগাযোগমাধ্যমে বস্তুর পরিচয় নিয়ে নানা ধরনের অনুমান ছড়িয়েছে। সাইবার নিউজসহ বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, কেউ কেউ ধারণা করছেন, এটি সামরিক ড্রোন বা একাধিক ড্রোনের সমন্বিত উড্ডয়ন হতে পারে। আবার কারও মতে, দূর থেকে আলোর প্রতিফলনের কারণে এটি এলইডি আলোযুক্ত ঘুড়ি বা অন্য কোনো সাধারণ উড়ন্ত বস্তুও হতে পারে। তবে এসব দাবির পক্ষে এখন পর্যন্ত স্বাধীন কোনো যাচাই পাওয়া যায়নি।
সাম্প্রতিক ভিডিওগুলো অনেকের কাছে ১৯৭৬ সালের আলোচিত তেহরান ইউএফও ঘটনার কথা মনে করিয়ে দিয়েছে। ওই বছরের ১৯ সেপ্টেম্বর রাতেও তেহরানের আকাশে একটি অস্বাভাবিক উজ্জ্বল অজ্ঞাত উড়ন্ত বস্তু দেখা যাওয়ার পর তদন্তে তৎকালীন ইরানি বিমানবাহিনীর এফ-৪ যুদ্ধবিমান পাঠানো হয়েছিল।
পরবর্তী সময়ে ঘটনাটি বিশ্বজুড়ে ইউএফও গবেষণায় আলোচিত একটি উদাহরণে পরিণত হয়। যুক্তরাষ্ট্রের প্রকাশিত ডিক্লাসিফায়েড নথি, ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির (এনএসএ) আর্কাইভে থাকা জয়েন্ট চিফস অব স্টাফের প্রতিবেদন, ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির (ডিআইএ) সারসংক্ষেপ এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা অ্যাটাশের প্রতিবেদনে ওই ঘটনার তদন্তসংক্রান্ত তথ্য রয়েছে।
তবে ১৯৭৬ সালের ঘটনার সঙ্গে চলতি সপ্তাহে ধারণ করা ভিডিওতে দেখা আলোর কোনো সম্পর্ক রয়েছে—এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।
এ ছাড়া সাম্প্রতিক ভিডিওগুলোর সত্যতাও স্বাধীন কোনো সংস্থা নিশ্চিত করেনি। ফলে এটি ড্রোন, অন্য কোনো আকাশযান নাকি ভিন্ন কোনো উড়ন্ত বস্তু—সে বিষয়ে নির্ভরযোগ্য কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।
সূত্র: এনডিটিভি