আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, ২৮ জঙ্গি নিহতের দাবি
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ পিএম
আফগানিস্তানের পাকতিকা ও কুনার প্রদেশে বিমান হামলা চালিয়ে ২৮ জঙ্গিকে হত্যার দাবি করেছে পাকিস্তান সরকার। দেশটির এক নিরাপত্তা কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। তবে পাকিস্তানের সামরিক বাহিনী এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
এর কয়েক ঘণ্টা আগে আফগান তালেবান কর্মকর্তারা অভিযোগ করেন, রাতভর পাকিস্তানি বিমান হামলায় অন্তত তিন বেসামরিক মানুষ নিহত হয়েছেন।
প্রায় তিন মাসের আপেক্ষিক শান্তির পর দুই দেশের সীমান্তবর্তী এলাকায় নতুন করে এই হামলার ঘটনা ঘটল।
তালেবান সরকারের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, আফগান পক্ষ ‘এই আগ্রাসনের যথাযথ জবাব দেবে’।
পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় ২৮ জঙ্গি নিহতের কথা জানিয়েছে। তবে দেশটির সামরিক বাহিনী এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
দুই দেশের মধ্যে কয়েক বছর ধরেই উত্তেজনা চলছে। পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তান তাদের দেশে হামলা চালানো জঙ্গিদের আশ্রয় দিচ্ছে। তবে তালেবান সরকার এ অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের দাবি, জঙ্গিবাদ পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা।
গত শুক্রবার পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কোহাট জেলায় একটি পুলিশ স্থাপনায় জঙ্গি হামলা হয়। এতে অন্তত ২৪ জন নিহত হন।
এরপর রবিবার আফগান সীমান্তসংলগ্ন হাঙ্গু জেলায় পৃথক সংঘর্ষে ছয় পাকিস্তানি সেনা ও আট জঙ্গি নিহত হন বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী।
তালেবানের উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাত বলেন, সোমবারের হামলায় কুনারে একটি বাড়িতে একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।
তিনি বলেন, পাকতিকায় দুটি স্থানে হামলায় একটি দোকান ও একটি পরিত্যক্ত বাড়ি ধ্বংস হয়েছে। তবে সেখানে কেউ হতাহত হননি।
তথ্যসূত্র: রয়টার্স