EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

বাজার চ্যালেঞ্জের মধ্যে ভলভো কার্সের নতুন সিইও জেলমার

মো. মাহমুদুল হক (সোহাগ), নর্ডিক প্রতিনিধি

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ এএম

বাজার চ্যালেঞ্জের মধ্যে ভলভো কার্সের নতুন সিইও জেলমার

ছবি: সংগৃহীত

অ অ

সুইডিশ গাড়ি নির্মাতা ভলভো কার্সের নতুন প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন ভক্সওয়াগেনের স্কোডা অটোর প্রধান ক্লাউস জেলমার। বিক্রি বাড়ানো এবং শুল্ক, বৈদ্যুতিক গাড়ির চাহিদা কমে যাওয়া ও চীনের বাজারে বিক্রির চাপ মোকাবিলার চ্যালেঞ্জিং সময়ে নতুন নেতৃত্বে আসছেন তিনি।

ভলভো কার্স জানিয়েছে, বর্তমান সিইও হোকান স্যামুয়েলসনের স্থলাভিষিক্ত হবেন জেলমার। ২০২৭ সালের ১ অক্টোবরের মধ্যে তিনি দায়িত্ব নেবেন। এর আগে স্যামুয়েলসন ২০১২ থেকে ২০২২ সাল পর্যন্ত ভলভোর নেতৃত্ব দেন। পরে ২০২৫ সালের এপ্রিলে দ্বিতীয় দফায় তিনি সিইও হিসেবে দায়িত্ব নেন।

৫৯ বছর বয়সী জেলমারের গাড়ি শিল্পে ৩০ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি বর্তমানে স্কোডা অটোর সিইও। এর আগে ভক্সওয়াগেন প্যাসেঞ্জার কার্সের ব্যবস্থাপনা বোর্ডে দায়িত্ব পালন করেছেন। পোর্শেতেও দুই দশকের বেশি সময় কাজ করেছেন তিনি এবং প্রতিষ্ঠানটির জার্মানি ও উত্তর আমেরিকা বিভাগের প্রধান নির্বাহী ছিলেন।

ভলভো কার্সের চেয়ারম্যান এরিক লি বলেন, ক্লাউস জেলমারের গাড়ি শিল্পে গভীর অভিজ্ঞতা, আন্তর্জাতিক নেতৃত্বের দক্ষতা এবং পরিবর্তনশীল বাজার পরিস্থিতিতে প্রতিষ্ঠান পরিচালনার অভিজ্ঞতা রয়েছে।

নিয়োগের প্রতিক্রিয়ায় জেলমার বলেন, ভলভো কার্সের উন্নয়নের গুরুত্বপূর্ণ সময়ে প্রতিষ্ঠানটিতে যোগ দিতে পেরে তিনি আনন্দিত। নিরাপত্তার ক্ষেত্রে ভলভোর দীর্ঘদিনের সুনামও তুলে ধরেন তিনি।

নতুন সিইও নিয়োগের সময় ভলভো কার্স বেশ কিছু চ্যালেঞ্জের মুখে রয়েছে। যুক্তরাষ্ট্রের শুল্ক, বৈদ্যুতিক গাড়ির চাহিদা কমে যাওয়া এবং উন্নয়ন ব্যয় বৃদ্ধির কারণে কোম্পানিটি আগের মুনাফার লক্ষ্যমাত্রা অর্জনে চাপের মধ্যে রয়েছে। চলতি বছরে কোম্পানিটির শেয়ারের দাম ৪৫ শতাংশের বেশি কমেছে এবং তা রেকর্ড নিম্নস্তরের কাছাকাছি রয়েছে।

চীনের বাজারেও বিক্রি কমেছে ভলভোর। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির আয় ৭৭ দশমিক ৭ বিলিয়ন সুইডিশ ক্রোনায় নেমে এসেছে, যা আগের বছরের একই সময়ে ছিল ৯৩ দশমিক ৫ বিলিয়ন ক্রোনা। স্যামুয়েলসন চীনের বাজারে বড় ধরনের পতনকে কোম্পানিটির নেতিবাচক পরিস্থিতির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন।

তবে এই পরিস্থিতিতে বাজার ঘুরে দাঁড়ানোর পরিকল্পনাও নিয়েছে ভলভো কার্স। ২০৩০ সালের মধ্যে ১৩টি নতুন গাড়ির মডেল বাজারে আনার পরিকল্পনা জানিয়েছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে কোম্পানির বাজার হিস্যা দ্বিগুণ করার লক্ষ্য রয়েছে।

যুক্তরাষ্ট্রের শুল্কের প্রভাব কমাতে উৎপাদন ব্যবস্থাতেও পরিবর্তন আনছে ভলভো কার্স। হাইব্রিড এক্সসি৬০ মডেলের উৎপাদন যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনায় সরিয়ে নেওয়ার পাশাপাশি বেলজিয়ামের কারখানায় এক্স৩০ মডেলের উৎপাদন বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

এদিকে, ভলভো কার্সের নতুন ফ্ল্যাগশিপ বৈদ্যুতিক এসইউভি এক্স৬০-এর চাহিদা কোম্পানিটির প্রাথমিক প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। একই সময়ে খরচ কমানোর উদ্যোগ আয়ের ওপর চাপ কিছুটা কমাতে সহায়তা করেছে।

স্যামুয়েলসনের বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সালের এপ্রিলে শেষ হওয়ার কথা। তিনি জানিয়েছেন, এরপর পূর্ণকালীন কাজ করার পরিকল্পনা নেই।

আরও পড়ুন