জাতিসংঘ অধিবেশন
ইরানের প্রেসিডেন্টকে ভিসা, ফিলিস্তিনি প্রেসিডেন্টকে দিল না যুক্তরাষ্ট্র
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ পিএম
ছবি: সংগৃহীত
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিসহ দেশটির মূল প্রতিনিধিদলকে ভিসা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে একই অধিবেশনে যোগ দিতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও তাঁর প্রতিনিধিদলের ভিসা আবেদন প্রত্যাখ্যান করেছে মার্কিন প্রশাসন।
বার্তাসংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের বৈঠক শুরু হবে। এতে অংশ নিতে ইরানের ‘কোর ডেলিগেশন’-এর সদস্যদের ভিসা অনুমোদন করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেছেন, জাতিসংঘের সদর দপ্তরের আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের দায়িত্বের সঙ্গে সামঞ্জস্য রেখে ইরানের মূল প্রতিনিধিদল সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে পারবে।
তবে ইরানি প্রতিনিধিদলের ওপর কিছু অতিরিক্ত বিধিনিষেধ থাকবে। তাদের যুক্তরাষ্ট্রের ভেতরে চলাচলের ওপর বিধিনিষেধ এবং বিলাসবহুল ও অন্যান্য পণ্য কেনার ক্ষেত্রে নিষেধাজ্ঞা মেনে চলতে হবে। এ ছাড়া গত বছরের তুলনায় এবার ইরানের প্রতিনিধিদল ছোট রাখা হয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
অন্যদিকে, সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে মাহমুদ আব্বাস ও তাঁর প্রতিনিধিদলকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র। এ সিদ্ধান্ত ইরানি প্রতিনিধিদলের ভিসা অনুমোদনের এক দিন আগে জানানো হয়।
মার্কিন পররাষ্ট্র দপ্তর ফিলিস্তিনি কর্তৃপক্ষের বিরুদ্ধে ইসরায়েল-হামাস যুদ্ধকে আন্তর্জাতিক পর্যায়ে নেওয়ার চেষ্টা এবং আন্তর্জাতিক বিচার আদালত ও আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করার অভিযোগ তুলেছে। একই সঙ্গে ইসরায়েলে হামলার ঘটনায় কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দিদের ভাতা দেওয়ার বিষয়টিও উল্লেখ করেছে।
তবে মার্কিন সিদ্ধান্তের সমালোচনা করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর এ ধরনের বিধিনিষেধ শান্তি প্রতিষ্ঠা বা সহিংসতা বন্ধে সহায়ক নয়। তারা দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি নিজেদের প্রতিশ্রুতির কথাও পুনর্ব্যক্ত করেছে।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন আগামী ২২ সেপ্টেম্বর শুরু হওয়ার কথা। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের দীর্ঘদিনের সংঘাত ও কূটনৈতিক অচলাবস্থার মধ্যেই ইরানি প্রতিনিধিদলের ভিসা অনুমোদনের বিষয়টি সামনে এলো।
সূত্র: এপি