ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন আজ
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ এএম
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন আজ (১৭ সেপ্টেম্বর)। ৭৬-এ পা দিলেন বরেণ্য এই রাজনীতিবিদ।
১৯৫০ সালের এই দিনে গুজরাটের এক সাধারণ পরিবারে জন্মগ্রহণ করা মোদি আজ বিশ্ব রাজনীতির অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। গুজরাটের দীর্ঘদিনের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে ২০১৪ সাল থেকে টানা তিন মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তিনি।
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) প্রচারক হিসেবে রাজনৈতিক জীবন শুরু করা নরেন্দ্র মোদি ১৯৮৭ সালে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেন। ২০০১ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। মেক ইন ইন্ডিয়া, ডিজিটালাইজেশন এবং অভ্যন্তরীণ অবকাঠামো রূপান্তরের পাশাপাশি তার পররাষ্ট্রনীতির মাধ্যমে ভারতকে বৈশ্বিক মঞ্চে এক নতুন অর্থনৈতিক ও কৌশলগত শক্তিতে পরিণত করার চেষ্টা আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপকভাবে মূল্যায়িত হয়েছে।
বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক, অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক প্রসারে নরেন্দ্র মোদির শাসনামল অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
মোদি সরকার ২০১৫ সালে ঐতিহাসিক ভারত-বাংলাদেশ স্থল সীমান্ত চুক্তি (এলবিএ) কার্যকর করে, যা চার দশকের ছিটমহল সমস্যার সমাধান এনে দিয়েছিল।
দুই দেশের মধ্যে ট্রানজিট, বাস ও রেল যোগাযোগ চালুর পাশাপাশি মোংলা ও চট্টগ্রাম বন্দর ব্যবহারের সুবিধা এবং বিদ্যুৎ আমদানির চুক্তি তার সরকারের পররাষ্ট্রনীতির অন্যতম বড় অর্জন হিসেবে দেখা হয়।
এদিকে নরেন্দ্র মোদির জন্মদিনে ভারতজুড়ে এবং আন্তর্জাতিক মহলে তাকে শুভেচ্ছা জানানো হচ্ছে।