যুদ্ধে ক্ষতিগ্রস্ত ভবন ধসে গাজায় নিহত ২১, আটজনই শিশু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ পিএম
গাজা সিটির তাল আল-হাওয়া এলাকায় ধসে পড়া ছয়তলা ভবনে উদ্ধার অভিযান চালাচ্ছেন সিভিল ডিফেন্সের সদস্যরা।
স্থানীয় উদ্ধারকারী ও চিকিৎসকদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, গাজা উপত্যকায় যুদ্ধে ক্ষতিগ্রস্ত একটি ভবন ধসে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আটজন শিশু রয়েছে। আরও কয়েক ডজন মানুষ নিখোঁজ রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাজা সিটির তাল আল-হাওয়া এলাকায় অবস্থিত এই ছয়তলা ভবনটি এক বছরেরও বেশি সময় আগে এক ইসরায়েলি হামলার পর বিপজ্জনকভাবে একদিকে হেলে ছিল। আশ্রয়ের তীব্র সংকটের কারণে বাস্তুচ্যুত পরিবারগুলো তারপরও ভবনটির ভেতরে বসবাস করছিল।
বেঁচে থাকা ব্যক্তিদের খোঁজে জাতিসংঘের সংস্থাগুলো ও একটি মিশরীয় দল অনুসন্ধান কার্যক্রমে যোগ দিয়েছে। তবে কর্মকর্তারা বলছেন, সরঞ্জামের অভাবে এই কাজ ধীরগতিতে এগোচ্ছে। প্রাথমিক উদ্ধার অভিযানে হামাস-নিয়ন্ত্রিত সিভিল ডিফেন্স সংস্থার সদস্যরা খালি হাতে কাজ করতে বাধ্য হন।
গাজা সিটির সিভিল ডিফেন্সের পরিচালক রায়েদ আল-দাহশান বলেন, ‘আমরা এখনো ধ্বংসস্তূপের নিচ থেকে মানুষের কণ্ঠস্বর শুনতে পাচ্ছি। তাই মানুষকে জীবিত অবস্থায় খুঁজে পাওয়ার আশা এখনো রয়েছে।’
তিনি আরও বলেন, ‘আশ্রয়ের সীমিত সুযোগ থাকার কারণে বাসিন্দারা এই ভবনে চলে এসেছিলেন। তারা ভেবেছিলেন এটি নিরাপদ। তবে একপর্যায়ে ভবনটি সম্পূর্ণভাবে ধসে পড়ে এবং ঘুমন্ত মানুষের ওপর মর্মান্তিকভাবে ভেঙে পড়ে।’