যুক্তরাষ্ট্রে হামের প্রকোপ, পেনসিলভেনিয়ায় চতুর্থ মৃত্যু
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ এএম
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় হামে আক্রান্ত হয়ে চতুর্থ ব্যক্তির মৃত্যু হয়েছে। রাজ্যটিতে চলতি বছর ৬০০ জনের বেশি মানুষ হামে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মিফ্লিন কাউন্টির করোনার কার্যালয় জানিয়েছে, ১৮ বছর বয়সী এক তরুণ হামের বিরল ও গুরুতর স্নায়বিক জটিলতা অ্যাকিউট এনসেফালোমাইলাইটিসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
পেনসিলভেনিয়ায় চলতি বছর শনাক্ত হওয়া হাম রোগীদের বেশিরভাগই ল্যাঙ্কাস্টার কাউন্টির বাসিন্দা। গত মাসেও রাজ্যটিতে হামের জটিলতায় দুজনের মৃত্যু হয়। তাঁদের মধ্যে একজনের বয়স ছিল ১৮ বছর এবং অন্যজনের ৪০ বছর। রাজ্য ও স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, দুজনই টিকাবিহীন ছিলেন।
এ ছাড়া হামে আক্রান্ত হয়ে দুই শিশুরও মৃত্যু হয়েছে। ল্যাঙ্কাস্টার কাউন্টির করোনার স্টিভেন ডায়ামান্টোনি জানান, গত ১৮ আগস্ট ছয় সপ্তাহ বয়সী একটি শিশুর মৃত্যু হয়। শিশুটি বিরল জিনগত রোগ ‘আমিশ লেথাল মাইক্রোসেফালি’ নিয়ে জন্মেছিল।
অন্য এক শিশু ১৪ আগস্ট জন্মের পরপরই মারা যায়। তার প্রাথমিক মৃত্যুর কারণ হিসেবে প্লীহা ফেটে যাওয়া বা ক্ষতিগ্রস্ত হওয়ার কথা উল্লেখ করা হয়। স্বাস্থ্য কর্মকর্তারা জানান, হামের সংক্রমণে প্লীহা বড় হয়ে যেতে পারে, ফলে তা ফেটে যাওয়ার ঝুঁকি বাড়ে। তদন্তের পর তাঁরা শিশুটির মৃত্যুর সঙ্গে হাম সংক্রমণের সম্পর্ক নিশ্চিত করেন।
এর আগে গত শনিবার পেনসিলভেনিয়ার জেফারসন কাউন্টিতে ৪০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়। ময়নাতদন্তকারী জানান, হামজনিত কারণে শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
যুক্তরাষ্ট্রে বাড়ছে হাম
টিকার মাধ্যমে যুক্তরাষ্ট্র ২০০০ সালে হাম নির্মূলের ঘোষণা দিয়েছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে টিকা নেওয়ার বিষয়ে মানুষের দ্বিধা বাড়ায় টিকাদানের হার কমেছে। এর ফলে দেশটিতে হামের সংক্রমণও বাড়ছে বলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন।
চলতি বছর পেনসিলভেনিয়ায় ৬০০ জনের বেশি হাম রোগী শনাক্ত হয়েছে। এর আগে ২০২৫ সালে টেক্সাসে হামের প্রাদুর্ভাবে তিনজনের মৃত্যু হয়। তাঁদের মধ্যে দুইজন শিশু ছিল। ওই প্রাদুর্ভাব প্রধানত মেনোনাইট সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে পড়েছিল।
হাম অত্যন্ত সংক্রামক একটি ভাইরাসজনিত রোগ। এতে শরীরে লালচে দাগ বা ফুসকুড়ি দেখা দেয়। গুরুতর ক্ষেত্রে এনসেফালাইটিসসহ বিভিন্ন জটিলতা দেখা দিতে পারে।
স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, গোষ্ঠীগত প্রতিরোধ ক্ষমতা বা হার্ড ইমিউনিটি তৈরি করতে একটি জনগোষ্ঠীর প্রায় ৯৫ শতাংশ মানুষের টিকা নেওয়া প্রয়োজন।
মৃত্যু নিয়ে বিতর্ক
পেনসিলভেনিয়ায় মৃত্যুর ঘটনা নিয়ে রাজ্যের গভর্নর জশ শাপিরো এবং মার্কিন স্বাস্থ্য সচিব রবার্ট এফ কেনেডি জুনিয়রের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে।
গভর্নর শাপিরো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, ২০০০ সালে যুক্তরাষ্ট্রে হাম নির্মূল ঘোষণা করা হলেও কম টিকাদানের কারণে কয়েক দশক পর আবার রোগটির বিস্তার দেখা যাচ্ছে। তিনি কেনেডির বিরুদ্ধে টিকা নিয়ে ভুল তথ্য ছড়ানোর অভিযোগও করেন।
অন্যদিকে, কেনেডি প্রশ্ন তুলেছেন, দুই শিশুর মৃত্যু সরাসরি হামের কারণে হয়েছিল কি না। তিনি জানান, পর্যালোচনা শেষ হওয়ার পর মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) মৃত্যুর সংখ্যা সংক্রান্ত তথ্য হালনাগাদ করবে।
পেনসিলভেনিয়া স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সর্বশেষ দুটি মৃত্যুর কারণ নিশ্চিত করতে স্থানীয় করোনার কার্যালয়গুলোর সঙ্গে তারা বিস্তারিত তদন্ত করেছে। এতে হামের সংক্রমণের ক্লিনিক্যাল প্রমাণ, পজিটিভ ল্যাবরেটরি পরীক্ষার ফল এবং মৃত্যুর অন্য কোনো কারণ ছিল কি না—এসব বিষয় যাচাই করা হয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্র হাম নির্মূলের মর্যাদা হারাবে কি না, সে বিষয়ে আগামী নভেম্বর একটি প্যানেল সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে। কানাডা গত বছর এই মর্যাদা হারিয়েছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা কেনেডির বক্তব্য এবং মার্কিন টিকানীতির কিছু পরিবর্তনের সমালোচনা করেছেন। তাঁদের মতে, এসব পদক্ষেপ হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে পারে।
কেনেডি এর আগে এমএমআর (হাম, মাম্পস ও রুবেলা) টিকা নিয়ে বিভিন্ন বক্তব্য দিয়েছেন। তবে এই টিকাটি নিরাপদ ও কার্যকর বলে চিকিৎসাবিজ্ঞানে প্রমাণিত।
মার্কিন স্বাস্থ্য সচিব বলেছেন, হামের ক্রমবর্ধমান প্রাদুর্ভাব এখন একটি বৈশ্বিক সমস্যা। তাঁর ভাষ্য, অনেক দেশ হাম নির্মূলের মর্যাদা হারিয়েছে এবং বিশ্ব বর্তমানে হামের সবচেয়ে খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে।
সূত্র: বিবিসি
-6aa8b169021bd.jpg)
-6aaa0ac02e2b8.jpg)
