হরমুজে একের পর এক মার্কিন ড্রোন ধ্বংস! ২৪ ঘণ্টায় ৩টি ভূপাতিতের দাবি ইরানের
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ এএম
হরমুজ প্রণালির আকাশে একের পর এক মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি করছে ইরান। গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের তিনটি এমকিউ-১ ড্রোন ধ্বংস করার দাবি জানিয়েছে দেশটির ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এতে দুই দেশের চলমান সামরিক উত্তেজনা নতুন করে আলোচনায় এসেছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আইআরজিসি জানায়, তাদের অ্যারোস্পেস ফোর্স হরমুজ প্রণালির আকাশে ড্রোনগুলো শনাক্ত ও অনুসরণ করে। পরে উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে সেগুলো ভূপাতিত করা হয়।
আইআরজিসির জনসংযোগ বিভাগের দাবি, সমন্বিত আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের আওতায় ড্রোনগুলোকে লক্ষ্যবস্তু করা হয়। উন্নত ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের মাধ্যমে সেগুলো ধ্বংস করা হয়েছে। ইরানের দাবি, কোনো ধরনের হামলা চালানোর আগেই ড্রোনগুলো ভূপাতিত করা হয়।
এর কয়েক ঘণ্টা আগেও হরমুজ প্রণালির আকাশে আরেকটি মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছিল আইআরজিসি। এর আগে গত সপ্তাহে ইরানের সেনাবাহিনীও একই এলাকায় একটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছিল।
ইরানের দাবি অনুযায়ী, সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সামরিক উত্তেজনার অন্যতম গুরুত্বপূর্ণ এলাকায় পরিণত হয়েছে। এই জলপথে সামরিক ও সামুদ্রিক তৎপরতার ওপর নিয়ন্ত্রণ আরও জোরদার করেছে তেহরান।
এদিকে, মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোনের ক্ষয়ক্ষতির পর যুক্তরাষ্ট্র পুরোনো এমকিউ-১ মডেলের ড্রোনের ব্যবহার বাড়িয়েছে বলে মনে করছেন কিছু সামরিক বিশ্লেষক। তবে সাম্প্রতিক ড্রোন ভূপাতিতের দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো স্বতন্ত্র নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
সূত্র: প্রেস টিভি