EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

আগুনের গ্রাসে ক্রোয়েশিয়ার ব্রাচ দ্বীপ, ৭০০ মানুষ ঘরছাড়া

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ এএম

আগুনের গ্রাসে ক্রোয়েশিয়ার ব্রাচ দ্বীপ, ৭০০ মানুষ ঘরছাড়া

ছবি: সংগৃহীত

অ অ

ক্রোয়েশিয়ার অ্যাড্রিয়াটিক সাগরের ব্রাচ দ্বীপে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এতে প্রায় ৩ হাজার ৫০০ হেক্টর পাইন বন ও ঝোপঝাড় পুড়ে গেছে। আগুনের তীব্রতা বাড়তে থাকায় স্থানীয় বাসিন্দা ও পর্যটকসহ প্রায় ৭০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, রোববারও দাবানল নিয়ন্ত্রণে আসেনি। প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে দ্বীপের পশ্চিমাঞ্চলীয় শহর মিলনা ও আশপাশের এলাকায় ঝুঁকি তৈরি হয়। তবে রাতভর আগুনের বিরুদ্ধে লড়াই করে দমকলকর্মীরা মিলনা শহরকে রক্ষা করতে সক্ষম হন।

দাবানল থেকে নিরাপদে সরিয়ে নেওয়ার সময় দুজন আহত হয়েছেন। তাদের মধ্যে এক বয়স্ক নারী নৌকা থেকে পড়ে প্রায় ডুবে যাচ্ছিলেন। পরে তাকে উদ্ধার করা হয় এবং বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। অন্যদিকে ধোঁয়ায় আক্রান্ত হয়ে এক তরুণ আহত হয়েছেন।

আগুনের বিস্তার ঠেকাতে পশ্চিম মিলনা ও আশপাশের বসতিগুলোর বাসিন্দা ও পর্যটকদের সতর্ক করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

স্যাটেলাইটের ছবি বিশ্লেষণে দেখা গেছে, শনিবার রাতের পর আগুনের বিস্তার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আগুন মিলনার দিকে, ব্রাচ দ্বীপের দক্ষিণ উপকূল এবং ব্লাকা মরুভূমি এলাকার দিকে ছড়িয়ে পড়েছে।


ক্রোয়েশিয়ার বার্তা সংস্থা হিনার এক জ্যেষ্ঠ দমকল কর্মকর্তা জানিয়েছেন, আগুনে প্রায় ৩ হাজার ৫০০ হেক্টর পাইন বন ও ঝোপঝাড় ধ্বংস হয়েছে। মিলনার মেয়র ফ্রানে লোজিচ বলেন, শুরুতে আগুন নিয়ন্ত্রণে আসছে বলে মনে হলেও পরিস্থিতি দ্রুত বদলে যায়।

এদিকে গুগল ম্যাপসের সর্বশেষ হিসাব অনুযায়ী, দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকার আয়তন প্রায় ৫৬ বর্গকিলোমিটার বা ৫ হাজার ৬০০ হেক্টর। ব্রাচ দ্বীপের মোট আয়তন প্রায় ৩৯৫ বর্গকিলোমিটার। অর্থাৎ দ্বীপটির প্রায় ১৪ শতাংশ এলাকা আগুনের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

রোববারও দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি বসতিগুলো রক্ষায় অভিযান চালিয়ে যাচ্ছিলেন।

আরও পড়ুন