ব্রিকস সম্মেলনে গান গাইলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম
ব্রিকস সম্মেলনে দিল্লি সফরে গিয়ে কিশোর কুমারের গান গেয়ে অতিথিদের মাতালেন আনোয়ার ইব্রাহিম।
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পিএম
ব্রিকস সম্মেলনের এক অনুষ্ঠানে গান গাইছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের এক অনুষ্ঠানে বলিউডের জনপ্রিয় গান গেয়ে অতিথিদের মাতিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ১৮তম ব্রিকস সম্মেলনে অংশ নিতে বর্তমানে নয়াদিল্লিতে আছেন তিনি।
সম্মেলনের এক নৈশভোজ অনুষ্ঠানে কিংবদন্তি শিল্পী কিশোর কুমারের ১৯৬৫ সালের জনপ্রিয় গান ‘খোয়াব হো তুম ইয়া কোই হকিকত’ পরিবেশন করেন আনোয়ার। এস ডি বর্মনের সুরে ও মাজরুহ সুলতানপুরীর কথায় গানটি ‘তিন দেবিয়াঁ’ সিনেমায় ব্যবহৃত হয়েছিল। লাইভ পিয়ানোর সঙ্গে তার গান দ্রুতই অনুষ্ঠানের সবার নজর কাড়ে এবং মুহূর্তটি পরিণত হয় এক উষ্ণ সাংস্কৃতিক বিনিময়ে।
পরে সামাজিক যোগাযোগমাধ্যমে গান গাওয়ার একটি ভিডিও শেয়ার করেন আনোয়ার। ক্যাপশনে তিনি লেখেন, গান গাওয়ার অনুমতি চাইছেন। ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং অনেকে তার গায়কির প্রশংসা করেন।
ভারতীয় গান ও সিনেমার প্রতি আনোয়ারের ভালোবাসা নতুন নয়। এর আগেও তিনি কিশোর কুমারের গান পরিবেশন করেছেন। ২০২৪ সালে দিল্লির একটি অনুষ্ঠানে মুকেশের জনপ্রিয় গান ‘দোস্ত দোস্ত না রহা’ও গেয়েছিলেন তিনি। হিন্দি সিনেমার পাশাপাশি দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের প্রতিও তার আগ্রহ রয়েছে। প্রধানমন্ত্রী মোদি এর আগে বিভিন্ন দ্বিপক্ষীয় আলোচনায় অভিনেতা এম জি রামচন্দ্রন ও পুরোনো তামিল চলচ্চিত্রের গানের প্রতি আনোয়ারের আগ্রহের কথা উল্লেখ করেছিলেন।
ব্রিকসের অংশীদার দেশ হিসেবে মালয়েশিয়ার অংশগ্রহণে এবারের সম্মেলনে বৈশ্বিক বিভিন্ন ইস্যু, অর্থনৈতিক সম্পর্ক ও বাণিজ্য উদ্যোগ নিয়ে আলোচনা হয়েছে। ভারত ও মালয়েশিয়ার পার্শ্ববৈঠকে ডিজিটাল প্রযুক্তি ও পর্যটনসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
এ সময় প্রধানমন্ত্রী মোদির বৈশ্বিক অবস্থানের প্রশংসা করেন আনোয়ার। তিনি জানান, ভারত সফরের আগে নিজ দেশের অনেকেই তাকে মোদির প্রতি উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দিতে অনুরোধ করেছিলেন।