EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

মার্কিন হামলার পর ওমান উপসাগরে ডুবে গেল ইরানের তেলবাহী ট্যাংকার

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ এএম

মার্কিন হামলার পর ওমান উপসাগরে ডুবে গেল ইরানের তেলবাহী ট্যাংকার
অ অ

মার্কিন বাহিনীর হামলার পর ওমান উপসাগরে ডুবে গেছে ইরানের বড় আকারের তেলবাহী ট্যাংকার এম/টি কায়লো। শনিবার (৫ সেপ্টেম্বর) কায়লোসহ তিনটি তেলবাহী ট্যাংকারে হামলা চালানো হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

হামলার পর ব্যাপক ক্ষতিগ্রস্ত ট্যাংকারটি ধীরে ধীরে ডুবে যাওয়ার একটি ভিডিও প্রকাশ করেছে মার্কিন সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্যবিষয়ক কমান্ড সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

রোববার সকালে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, হামলায় ক্ষতিগ্রস্ত এম/টি কায়লো সমুদ্রের পানিতে ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, শনিবার ইরান একটি মার্কিন বিমানবাহী রণতরি ও একটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার লক্ষ্য করে একাধিক হামলা চালায়। তবে মার্কিন যুদ্ধজাহাজ দুটি হামলা এড়িয়ে যেতে সক্ষম হয়েছে। এতে কোনো মার্কিন সেনা আহত হননি।

সেন্টকম জানায়, আঞ্চলিক জলসীমায় টহলরত ওই দুই মার্কিন যুদ্ধজাহাজের দিকে আইআরজিসি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার পর ইরানের তেলবাহী জাহাজগুলোতে হামলা চালানো হয়।

মার্কিন হামলায় ওমান উপসাগর ও ইরানের খারগ দ্বীপের কাছে থাকা ইরানের তেলবাহী ট্যাংকারগুলো আক্রান্ত হয়। মার্কিন সামরিক বাহিনী বলেছে, তারা দুটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার অচল করে দিয়েছে এবং তৃতীয়টি ধ্বংস করেছে।

তাদের দাবি, এসব জাহাজ আইআরজিসি ও তাদের ‘আঞ্চলিক মিত্রদের’ অর্থায়নে পরিচালিত কয়েক শ কোটি ডলারের একটি নেটওয়ার্কের অংশ ছিল। সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেন, ‘আইআরজিসির জন্য বার্তাটি স্পষ্ট হওয়া উচিত। আপনারা যদি আমাদের দুটি জাহাজে হামলা করেন, তাহলে আপনাদের তিনটি জাহাজ ধ্বংস করে আমরা আরও বড় অর্থনৈতিক ক্ষতি করব।’

তিনি আরও বলেন, ‘মার্কিন বাহিনীকে রক্ষা করতে আমরা দ্বিধা করব না। প্রয়োজন হলে ইরানের ছোট ও অরক্ষিত তেল পরিবহনকারী নৌবহর ধ্বংস করব।’

ট্যাংকারগুলোতে চালানো হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে আর কোনো তথ্য দেয়নি সেন্টকম।

এই হামলার কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র।

সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস, প্রেসটিভি

আরও পড়ুন