EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

বিমানবন্দরে বিস্ফোরক ড্রোন! রাশিয়ার বিরুদ্ধে গুরুতর অভিযোগ জার্মানির

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ এএম

বিমানবন্দরে বিস্ফোরক ড্রোন! রাশিয়ার বিরুদ্ধে গুরুতর অভিযোগ জার্মানির
অ অ

জার্মানির গুরুত্বপূর্ণ আঞ্চলিক বিমানবন্দর লিপজিগ/হালে বিস্ফোরকবোঝাই ড্রোন দিয়ে হামলার চেষ্টার পেছনে রাশিয়ার সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ করেছে জার্মান সরকার। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিন্ডট বলেছেন, এ ঘটনা ইউরোপে রাশিয়ার চলমান ‘হাইব্রিড অপারেশনের’ অংশ।

মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়াডেফুলকে পাশে নিয়ে এক সংবাদ সম্মেলনে ডোব্রিন্ডট বলেন, পুলিশি তদন্ত, অপরাধের ধরন ও গোয়েন্দা তথ্য—সবকিছু বিবেচনায় নিয়ে ওই হামলার চেষ্টার জন্য রাশিয়াকে দায়ী করার যথেষ্ট ভিত্তি পাওয়া গেছে। রয়টার্সের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

জার্মান কর্তৃপক্ষ জানায়, গত ৪ আগস্ট সন্ধ্যায় পূর্ব জার্মানির লিপজিগ/হালে বিমানবন্দরে একটি ড্রোন শনাক্ত করা হয়। সেটি একটি ইউক্রেনীয় বিমানের কাছাকাছি অবস্থান করছিল। পরে ড্রোনটিতে বিস্ফোরক থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর সেটি নিষ্ক্রিয় করা হয়।

ডোব্রিন্ডট বলেন, কর্তৃপক্ষ ঘটনাটিকে বিচ্ছিন্ন কোনো ঘটনা হিসেবে দেখছে না। তাঁর ভাষ্য, এটি ইউরোপজুড়ে রাশিয়ার বৃহত্তর ‘হাইব্রিড অপারেশনের’ সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার চলমান যুদ্ধের মধ্যে ইউক্রেনকে সহায়তাকারী কয়েকটি ইউরোপীয় দেশ সাম্প্রতিক সময়ে নাশকতা ও হামলার চেষ্টার ঘটনা বেড়ে যাওয়ার কথা জানিয়েছে। এসব ঘটনার পেছনে রাশিয়ার সম্পৃক্ততার অভিযোগও করেছে সংশ্লিষ্ট দেশগুলো।

রাশিয়ার বিরুদ্ধে কূটনৈতিক পদক্ষেপ

হামলার চেষ্টার ঘটনায় রাশিয়ার বিরুদ্ধে একাধিক কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে জার্মানি। পররাষ্ট্রমন্ত্রী ওয়াডেফুল জানান, এ বিষয়ে রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে।

এ ছাড়া বন শহরে অবস্থিত রুশ কনস্যুলেট জেনারেল এবং বার্লিনের রাশিয়ান হাউস সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কাঠামোর মধ্যেও রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা এবং রুশ নাগরিকদের ওপর ভ্রমণ বিধিনিষেধ আরোপের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি রাশিয়ার কথিত ‘শ্যাডো ফ্লিট’-এর ওপর চাপ বাড়ানোর কথাও জানান তিনি।

মস্কোর পাল্টা হুঁশিয়ারি

বার্লিনের অভিযোগের প্রতিক্রিয়ায় রাশিয়া জানিয়েছে, জার্মানির ‘রুশবিরোধী পদক্ষেপের’ জবাব দেওয়া হবে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, বার্লিনের পদক্ষেপের বিরুদ্ধে মস্কো প্রতিক্রিয়া জানাবে। রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

এদিকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন জার্মানির প্রতি সমর্থন জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউরোপ ঐক্যবদ্ধ। ইউরোপীয় ইউনিয়নের স্বাধীনতা ও নিরাপত্তাকে যারা হুমকির মুখে ফেলতে চায়, তাদের প্রতিহত করা হবে।

ফন ডার লেয়েন আরও জানান, রাশিয়ার বিরুদ্ধে নতুন করে অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।

আরও পড়ুন