EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৩ দেশে কাতারের এলএনজি সরবরাহ স্থগিতের মেয়াদ বাড়ল

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ পিএম

বাংলাদেশসহ ৩ দেশে কাতারের এলএনজি সরবরাহ স্থগিতের মেয়াদ বাড়ল
অ অ

হরমুজ প্রণালিতে নিরাপত্তা সংকটের কারণে বাংলাদেশ, পাকিস্তান ও ইতালিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের ‘ফোর্স মেজর’ (অপরিহার্য দুর্যোগজনিত স্থগিতাদেশ) সময় বাড়িয়েছে কাতারএনার্জি।

বার্তা সংস্থা রয়টার্স ও ব্লুমবার্গের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে জানানো হয়, শিপিং লাইনগুলোতে ঝুঁকি থাকায় কাতারএনার্জি এশিয়া ও ইউরোপের ক্রেতাদের এলএনজি কার্গো বাতিল বহাল রাখার বিষয়টি নিশ্চিত করেছে। চলতি সপ্তাহে তারা পাকিস্তানকে জানিয়েছে, কার্গো বাতিলের এই সিদ্ধান্ত অক্টোবর পর্যন্ত গড়াচ্ছে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে ফোর্স মেজরের মেয়াদ সেপ্টেম্বর ছাড়িয়ে বাড়ানো হয়েছে।

এদিকে ইতালির জ্বালানি কোম্পানি এডিসন জানিয়েছে, তাদের অনুকূলে এলএনজি সরবরাহের স্থগিতাদেশ আগামী নভেম্বরের শুরু পর্যন্ত বাড়ানো হয়েছে। নির্ধারিত আরও পাঁচটি কার্গো কাতার থেকে পাঠাতে না পারায় সব মিলিয়ে তাদের ক্ষতিগ্রস্ত কার্গোর সংখ্যা দাঁড়িয়েছে ২৯টিতে। তবে পরিস্থিতি সামাল দিতে বিকল্প উৎস থেকে গ্যাস নিশ্চিত করেছে এডিসন।

গত ৪ মার্চ যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত শুরু হলে কাতারএনার্জি প্রথম তাদের কার্যক্রম স্থগিত করে ফোর্স মেজর ঘোষণা দেয়। এরপর কাতারএনার্জির রাস লাফান স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলায় কাতার থেকে গ্যাস রপ্তানির সক্ষমতা ১৭ শতাংশ কমে যায়। পরে জুলাই মাসে হরমুজ প্রণালিতে কাতারের এলএনজি ট্যাংকার ‘আল রে কাইয়াত’ হামলার শিকার হলে সংকট আরও ঘনীভূত হয়। সূত্র: দোহানিউজ

আরও পড়ুন