EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

হাইকোর্টের নির্দেশ অমান্যের অভিযোগে মমতার বিরুদ্ধে মামলা

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৯:২৬ পিএম

হাইকোর্টের নির্দেশ অমান্যের অভিযোগে মমতার বিরুদ্ধে মামলা
অ অ

সমাবেশ আয়োজনের ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের দেওয়া নির্দেশনা অমান্যের অভিযোগে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করেছে কলকাতা পুলিশের হেস্টিংস থানা। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানকে কেন্দ্র করে এ মামলা করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলকাতার বিড়লা তারামণ্ডলের কাছে ক্যাথিড্রাল রোডে সমাবেশের আয়োজন করা হয়। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, রাস্তার এক পাশ খোলা রেখে দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত এই সমাবেশ করার অনুমতি ছিল।

অভিযোগ উঠেছে, নির্ধারিত সময় শেষ হওয়ার পরও সমাবেশ চালিয়ে যান মমতা। এ ঘটনায় ছাত্র পরিষদের নেতাদের বিরুদ্ধেও মামলা করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, হাইকোর্টের নির্দেশনা উপেক্ষা করে সমাবেশ চালানোর পাশাপাশি আয়োজকেরা পুলিশের ব্যারিকেড জোর করে সরিয়ে দেন। এ সময় দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সঙ্গে তাদের ধস্তাধস্তিও হয় বলে অভিযোগ করা হয়েছে।

হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, ক্যাথিড্রাল রোডের একটি লেনে সমাবেশ এবং অন্য লেনে যান চলাচল স্বাভাবিক রাখার কথা ছিল। কিন্তু অভিযোগ রয়েছে, সেই নির্দেশনা মানা হয়নি। ফলে সড়কের দুই লেনই বন্ধ হয়ে যায় এবং ব্যাপক যানজট সৃষ্টি হয়।

এদিকে কলকাতার ধর্মতলার কাছে রানি রাসমণি অ্যাভিনিউতে বিদ্রোহী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল ছাত্র পরিষদও আলাদাভাবে সমাবেশ করেছে।

অন্যদিকে, ভারতের জাতীয় কংগ্রেসের ছাত্রসংগঠন ছাত্র পরিষদ কলকাতার মহাজাতি সদনে পৃথক আয়োজনে নিজেদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে।

আরও পড়ুন