EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

বন্যায় কয়েক মাইল ভেসে গেল ব্যাংকের লকার, খুলে টাকা লুট; আটক ২৯

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৬:১৭ পিএম

বন্যায় কয়েক মাইল ভেসে গেল ব্যাংকের লকার, খুলে টাকা লুট; আটক ২৯

ছবি: সংগৃহীত

অ অ

নেপালে ভয়াবহ বন্যার মধ্যে স্রোতে ভেসে কয়েক মাইল দূরে চলে যায় একটি ব্যাংকের সেফ বা লকার। পরে সেটি উদ্ধার হওয়ার পর ভেঙে ভেতরের টাকা লুটের অভিযোগে ২৯ জনকে আটক করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে ৯২ লাখ ৬৮ হাজার ৫০০ নেপালি রুপি উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১০ সেপ্টেম্বর নেপালের রসুয়া জেলার ভতেকোশী এলাকায় বন্যার পানিতে একটি ব্যাংকের সেফ ভেসে যায়। পরে সেটি ধাদিং জেলার গলছি গ্রামীণ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বেলখুখোলা এলাকায় ত্রিশূলী নদীর তীর থেকে উদ্ধার করা হয়।

ধাদিং পুলিশ জানায়, ১২ সেপ্টেম্বর তারা খবর পায়, স্থানীয় কয়েকজন সেফটি ভেঙে ভেতরের নগদ টাকা নিয়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। শুরু হয় তদন্ত ও অভিযান। পরে বিভিন্ন স্থান থেকে ২৯ জনকে আটক করা হয়।

পুলিশের তথ্যমতে, আটক ব্যক্তিদের বেশিরভাগই গলছি-৪-এর মাস্তার এলাকার বাসিন্দা। তাঁদের মধ্যে কেউ গলছি-৬-এর আদমঘাট ও সিদ্ধালেকের ৭ নম্বর ওয়ার্ডের আদমতারের বাসিন্দা। আবার কেউ চিতওয়ান ও পারসার বাসিন্দা হলেও বর্তমানে ধাদিংয়ে বসবাস করছেন। আটক ব্যক্তিদের বয়স ১৯ থেকে ৪৯ বছরের মধ্যে।

উদ্ধার করা অর্থের উৎস এবং ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

বন্যায় ভেসে আসা লাশ থেকেও সোনা চুরির অভিযোগ

এদিকে নেপালের বন্যায় আরেকটি চাঞ্চল্যকর ঘটনায় নারায়ণী নদীতে ভেসে আসা এক নারীর মরদেহ থেকে সোনার দুল চুরির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দুই ব্যক্তিকে বন্যার পানিতে ভেসে আসা ওই নারীর মরদেহ থেকে কানের দুল খুলে নিতে দেখা যায়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর তাদের গ্রেপ্তার করা হয়।

বন্যায় মৃত ৬২৬, নিখোঁজ ২ হাজার ৪২৬

ভয়াবহ বন্যায় নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৬২৬ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ২ হাজার ৪২৬ জন। শনিবার দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রকাশিত সর্বশেষ তথ্যে এ সংখ্যা জানানো হয়েছে।

এর আগে শুক্রবার রাতে নিখোঁজের সংখ্যা ১ হাজার ৯২৪ জন বলা হয়েছিল। নতুন তথ্যে নিখোঁজের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে নিখোঁজ বিদেশি নাগরিকের সংখ্যা ৫১৭ জনই রয়েছে।

বন্যার তিন দিন পর এই সংশোধিত পরিসংখ্যান প্রকাশ করা হলো। দেশটির বিভিন্ন এলাকায় এখনো উদ্ধার ও তল্লাশি অভিযান চলছে।

আরও পড়ুন