EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

মার্কিন-কানাডা দ্বন্দ্বের মধ্যেই লেক অন্টারিওর নতুন নাম ‘লেক আমেরিকা’

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ১১:২৬ এএম

মার্কিন-কানাডা দ্বন্দ্বের মধ্যেই লেক অন্টারিওর নতুন নাম ‘লেক আমেরিকা’

ছবি: সংগৃহীত

অ অ

কানাডার সঙ্গে বাণিজ্যিক দ্বন্দ্বের মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের সীমান্তজুড়ে থাকা লেক অন্টারিওর নাম পরিবর্তন করে ‘লেক আমেরিকা’ রাখার ঘোষণা দিয়েছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার ওভাল অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ-সংক্রান্ত নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। আদেশ অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার এখন থেকে লেক অন্টারিওকে সরকারি নথিতে ‘লেক আমেরিকা’ নামে উল্লেখ করবে। ট্রাম্প জানিয়েছেন, নাম পরিবর্তনের সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প কানাডার সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্কের সমালোচনা করে বলেন, কানাডা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো আচরণ করেনি। লেকটির নাম পরিবর্তনের বিষয়টি অনেক দিন ধরেই তাঁর ভাবনায় ছিল বলেও জানান তিনি।

ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ক, পররাষ্ট্রনীতি, জাতীয় স্মৃতিস্তম্ভের পাশাপাশি এখন জলভাগের নামও বদলে যাচ্ছে। তবে কানাডার কাছে এর নাম ‘লেক অন্টারিও’ই ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।

ট্রাম্পের এই নির্বাহী আদেশ এসেছে দুই দেশের বাণিজ্য আলোচনা ভেঙে যাওয়ার কয়েক দিন পর। গত ২২ আগস্ট কানাডীয় পণ্যের ওপর প্রস্তাবিত শুল্ক এড়ানোর সময়সীমা শেষ হওয়ার আগে দুই দেশের আলোচনা ভেস্তে যায়। এরপর কানাডাও পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেয়।

এর আগে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর ভৌগোলিক স্থানের নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছিলেন ট্রাম্প। ২০২৫ সালের জানুয়ারিতে তিনি ‘গালফ অব মেক্সিকো’র নাম পরিবর্তন করে ‘গালফ অব আমেরিকা’ রাখার নির্বাহী আদেশ দেন। একইভাবে আলাস্কার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ‘ডেনালি’র নাম পরিবর্তন করে আবার ‘মাউন্ট ম্যাককিনলি’ করার সিদ্ধান্ত নেন তিনি।

তবে লেক অন্টারিওর নাম পরিবর্তনের সিদ্ধান্ত মূলত যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ প্রশাসনিক ব্যবহারের ক্ষেত্রে কার্যকর হবে। কানাডা বা অন্য কোনো দেশকে এই নাম ব্যবহারে বাধ্য করার ক্ষমতা যুক্তরাষ্ট্রের নেই। ফলে কানাডা আগের নামই ব্যবহার করতে পারবে।

লেক অন্টারিও নামের ইতিহাস

লেক অন্টারিওর নাম কানাডার অন্টারিও প্রদেশ থেকে এসেছে—এমন ধারণা প্রচলিত থাকলেও ইতিহাসে এর উল্টো চিত্র দেখা যায়। ‘অন্টারিও’ নামটি হিউরন আদিবাসীদের একটি শব্দ থেকে এসেছে, যার অর্থ ‘ঝলমলে পানির হ্রদ’। পরে এই হ্রদের নাম থেকেই ১৮৬৭ সালে প্রতিষ্ঠিত কানাডার অন্টারিও প্রদেশের নামকরণ করা হয়।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এমন নাম পরিবর্তনের উদ্যোগের রাজনৈতিক ও প্রতীকী গুরুত্ব থাকলেও এর আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া ভিন্ন বিষয়। যেমন মেক্সিকো এখনো ‘গালফ অব আমেরিকা’ নামটি স্বীকৃতি দেয়নি। একইভাবে লেক অন্টারিওর নাম পরিবর্তনও কানাডার সরকারি ব্যবহারে কোনো প্রভাব ফেলবে না।

আরও পড়ুন